জেএসসি ও জেডিসি পরীক্ষা আজ শুরু
আজ রোববার থেকে শুরু হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। এই দুই পরীক্ষায় অষ্টম শ্রেণী স্তরের মোট পরীক্ষার্থী ১৯ লাখ আট হাজার ৩৬৫ জন।গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী বেড়েছে ৪৭ হাজার ২৫২ জন। গতবার পরীক্ষার্থী ছিল ১৮ লাখ ৬১ হাজার ১১৩ জন। আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে জেএসসি ও মাদ্রাসা বোর্ডের অধীনে জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘পরীক্ষার প্রস্তুতি শেষ হয়েছে। আশা করছি সারা দেশে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে।’শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানান, সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে এই পরীক্ষা হবে। বাংলা দ্বিতীয়পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয়পত্র ও গণিত ছাড়া সব বিষয়ের পরীক্ষা হবে সৃজনশীল প্রশ্নপত্রে।এবার মোট পরীক্ষার্থীর মধ্যে শুধু জেএসসিতে ১৫ লাখ ৫৩ হাজার ৫৭৫ জন এবং জেডিসিতে তিন লাখ ৫৪ হাজার ৭৯০ জন। আর বিদেশের সাতটি কেন্দ্রে পরীক্ষার্থী ৩৮৮ জন।পরীক্ষায় শ্রবণপ্রতিবন্ধীসহ অন্য প্রতিবন্ধী পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ের ২০ মিনিট বাড়তি সময় পাবে। দৃষ্টিপ্রতিবন্ধী ছাড়াও অন্যান্য প্রতিবন্ধীর (যাদের হাত নেই বা হাত দিয়ে লিখতে পারে না) জন্য শ্রুতি লেখকের সুযোগ রাখা হয়েছে।