জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু ৪ ঘণ্টা পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণজাগরণ মঞ্চ শাহবাগ এলাকায় গতকাল সন্ধ্যায় মশাল মিছিল বের করে l ছবি: প্রথম আলো
গণজাগরণ মঞ্চ শাহবাগ এলাকায় গতকাল সন্ধ্যায় মশাল মিছিল বের করে l ছবি: প্রথম আলো

প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা এবং প্রকাশক আহমেদ রশীদ টুটুল, কবি তারেক রহিম ও ব্লগার রণদীপম বসুকে হত্যাচেষ্টার প্রতিবাদে আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধা বেলা হরতাল পালন করবে গণজাগরণ মঞ্চ। এ জন্য আজ অনুষ্ঠেয় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা সকাল ১০টার পরিবর্তে চার ঘণ্টা পিছিয়ে বেলা দুইটায় শুরু হবে।
আজ জেএসসিতে ইংরেজি প্রথম পত্র ও জেডিসিতে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষার অন্যান্য সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এদিকে গণজাগরণ মঞ্চের ডাকা হরতালে বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক ও ছাত্রসংগঠন সমর্থন জানিয়েছে। হরতালের সমর্থনে গতকাল সোমবার সন্ধ্যায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মশাল মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশের পর একটি প্রতিবাদ মিছিল শাহবাগ থেকে শুরু হয়ে কাঁটাবন, নীলক্ষেত, টিএসসি হয়ে পুনরায় শাহবাগে গিয়ে শেষ হয়।
মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, ‘ব্লগার, লেখক, প্রকাশক থেকে শুরু করে যাঁরাই উগ্রবাদী চিন্তার সঙ্গে দ্বিমত পোষণ করেন, তাঁদের হত্যা করা হচ্ছে। যেহেতু সারা দেশের মানুষকে হুমকি দেওয়া হচ্ছে এবং মানুষের জানমালের নিরাপত্তা নেই, তাই আমরা প্রত্যাশা করছি, প্রত্যেকেই যাঁর যাঁর জায়গা থেকে স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণভাবে এ হরতাল কর্মসূচি পালন করবেন।’
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি
ব্লগার ও প্রকাশক হত্যার বিচারে ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পদত্যাগ দাবি করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। গতকাল সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন করে ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার এ দাবি জানান। এ সময় দীপন হত্যার বিচারের দাবিতে গণজাগরণ মঞ্চের ডাকা হরতাল সফল করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক জি এম জিলানী, সহসভাপতি লিটন নন্দী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের দপ্তর সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
অন্য সংগঠনের সমর্থন
গণজাগরণ মঞ্চের হরতালে সমর্থন জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির ঢাকাস্থ সদস্যদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় মুজাহিদুল ইসলাম বলেন, সারা দেশে প্রতিবাদের ঝড় তুলতে হবে। মানুষকে রাস্তায় নেমে আসতে হবে। আত্মরক্ষার জন্য পাড়া-মহল্লা, শিল্পকারখানা, শিক্ষাপ্রতিষ্ঠানে আত্মরক্ষা ব্রিগেড গঠন করতে হবে।
এ ছাড়া হরতালে সমর্থন দিয়েছে বাংলাদেশ যুব ইউনিয়ন ও উদীচী। উদীচীর সভাপতি কামাল লোহানী ও সাধারণ সম্পাদক প্রবীর সরদার সারা দেশে উদীচীর শিল্পী-কর্মীরা রাজপথে সক্রিয় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন।