জেএসসি ও জেডিসি পরীক্ষায় ছাত্রী বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১ নভেম্বর শুরু হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। এবার এই পরীক্ষায় ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা ১ লাখ ৬০ হাজার ৫৯৩ জন বেশি। মোট পরীক্ষার্থী ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ জন।
গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মোট পরীক্ষার্থীর মধ্যে জেএসসিতে পরীক্ষার্থী ১৯ লাখ ৬৭ হাজার ৪৪৭ জন ও জেডিসিতে ৩ লাখ ৫৮ হাজার ৪৮৬ জন। ছাত্রী ১২ লাখ ৪৩ হাজার ২৬৩ জন ও ছাত্র ১০ লাখ ৮২ হাজার ৬৭০ জন। সারা দেশে ২ হাজার ৬২৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এত দিন এ পরীক্ষাকে সবাই পাবলিক পরীক্ষা বললেও গতকাল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, এটা পাবলিক পরীক্ষা নয়, জাতীয় পর্যায়ের পরীক্ষা। শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে ও ক্লাসে আনার কৌশল হিসেবে এ পরীক্ষা নেওয়া হচ্ছে। এটা স্থায়ী কিছু নয়। হয়তো একসময় তুলে দেওয়া হতে পারে। আর প্রাথমিক স্তর যখন অষ্টম শ্রেণি পর্যন্ত হবে, তখন সমাপনী পরীক্ষা উঠিয়ে দেওয়া হতে পারে। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস রোধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে শিক্ষাসচিব নজরুল ইসলাম খান ও বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।