হরতালের কারণে তিন দিন পিছিয়ে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। প্রথম দিনে এই দুই পরীক্ষায় ৫৯ হাজার ৫১৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। আর বহিষ্কার হয়েছে ৫৪ জন।
প্রথম দিনে শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হলেও কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ করেছেন।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তাসলিমা বেগম প্রথম আলোকে বলেন, ‘এ বিষয়ে আমাদের কাছে প্রামাণিক কোনো অভিযোগ কেউ করেননি। উড়ো উড়োভাবে বিষয়টি জানানো হয়েছে। তা-ও পরীক্ষার পর। এর পরও কেউ যদি প্রামাণিক অভিযোগ করেন, তাহলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
গতকাল ছিল জেএসসিতে ইংরেজি প্রথম পত্র ও জেডিসিতে আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষা। বেশ কয়েকজন শিক্ষার্থী ও শিক্ষক প্রথম আলোয় ফোন করে এবং কার্যালয়ে এসে দাবি করেন, আগের দিন বিভিন্ন জায়গায় পাওয়া ইংরেজি প্রশ্নপত্রের সঙ্গে গতকাল অনুষ্ঠিত পরীক্ষার মিল পাওয়া গেছে।
এবার জেএসসি ও জেডিসিতে মোট পরীক্ষার্থী ১৯ লাখ দুই হাজার ৭৪৬ জন। এর মধ্যে জেএসসিতে পরীক্ষার্থী ১৫ লাখ ৮৭ হাজার ৩১৩ এবং জেডিসিতে পরীক্ষার্থী তিন লাখ ১৫ হাজার ৪৩৩ জন। আগের সময়সূচি অনুযায়ী ৪ নভেম্বর থেকে এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।