জেএসসি-জেডিসির ফল প্রকাশ আজ
আজ রোববার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ করা হবে। বেলা দুইটায় দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে একযোগে ফল প্রকাশ করা হবে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম ওয়াহিদুজ্জামান প্রথম আলোকে জানান, সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হবে। এরপর বেলা একটায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে গণমাধ্যমের কাছে ফলাফল উপস্থাপন করা হবে।
এবারও পাঁচটি সূচকের ভিত্তিতে শীর্ষ প্রতিষ্ঠান বাছাই করা হয়েছে। এর মধ্যে রয়েছে নিবন্ধিত প্রার্থীদের মধ্যে নিয়মিতদের পাসের হার, শতকরা পাসের হার, মোট পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ প্রাপ্তির হার, পরীক্ষার্থীর সংখ্যা ও প্রতিষ্ঠানের গড় জিপিএ।
ফল পুনর্নিরীক্ষণের জন্য ৩০ ডিসেম্বর থেকে আগামী ৮ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন পদ্ধতি টেলিটকের বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে।
৪ নভেম্বর জেএসডি ও জেডিসি পরীক্ষা শুরু হয়েছিল। এবার পরীক্ষার্থী ছিল প্রায় ১৯ লাখ।
বিরোধী দলের ঢাকা অভিমুখে ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচির দিনে পরীক্ষার ফল প্রকাশিত হওয়ায় বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি কম হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ফলে এবার আনন্দ-উচ্ছ্বাস আগের মতো না-ও হতে পারে।
সমাপনীর ফল কাল: আগামীকাল সোমবার প্রকাশ করা হবে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল।
গত ২০ নভেম্বর শুরু হয়েছিল দেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। এতে পরীক্ষার্থী ছিল ২৯ লাখের বেশি।