জেএসসি-জেডিসির ফল রোববার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল ২৯ ডিসেম্বর, রোববার প্রকাশ করা হবে। এক দিন পর ৩০ ডিসেম্বর, সোমবার প্রকাশ করা হবে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল।

আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা ‘প্রথম আলো’কে এই তথ্য জানান।

নভেম্বরের শুরুতে জেএসডি ও জেডিসি পরীক্ষা শুরু হয়েছিল। ২০ নভেম্বর পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও দেশের অস্থির রাজনীতির কারণে কয়েক দফায় পরীক্ষা পিছিয়ে নির্দিষ্ট সময়ের পর শেষ করা হয়। এবার পরীক্ষার্থী ছিল প্রায় ১৯ লাখ।

অন্যদিকে গত ২০ নভেম্বর শুরু হয়েছিল দেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। এতে পরীক্ষার্থী ছিল প্রায় ২৯ লাখ। ওই পরীক্ষা ২৮ নভেম্বর শেষ হওয়ার কথা থাকলেও বিএনপি নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা অবরোধের কারণে তিন দফায় পেছাতে হয়। তবে বরাবরের মতো এবারও ডিসেম্বরের মধ্যেই ফল প্রকাশ করা হচ্ছে।

বই উৎসব ২ জানুয়ারি
অন্যদিকে ২ জানুয়ারি সারা দেশে ‘বই উত্সব’ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১ জানুয়ারি আখেরি চাহার সোম্বা থাকায় এক দিন পর ২ জানুয়ারি এই উৎসব করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন ব্যক্তি। 

এ বিষয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ‘প্রথম আলো’কে বলেন ‘চরম প্রতিকূলতার মধ্যেও আমরা শিক্ষাবর্ষের প্রথম কর্মদিবসেই বই উত্সব করার সিদ্ধান্ত নিয়েছি। এজন্য সবার সহযোগিতা চাই।’

২ জানুয়ারি প্রাথমিক ও মাধ্যমিকের সব শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া হবে।