জেএসসি দেওয়া হলো না নান্নুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর সদর উপজেলায় ব্যাটারিচালিত দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন জেএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার চিড়াকোলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ জনতা প্রায় দুই ঘণ্টা নাটোর-হালসা সড়ক অবরোধ করে রাখেন। পরে প্রশাসনের আশ্বাসে তাঁরা অবরোধ তুলে নেন।
ওই শিক্ষার্থীর নাম নান্নু শেখ (১৪)। সে সদর উপজেলার মাটিকোপা উচ্চবিদ্যালয়ের ছাত্র ছিল। তার বাড়ি পার্শ্ববর্তী সিংড়া উপজেলার শালিখা গ্রামে। বাবার নাম হানিফ আলী।
পরিবার, প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্য, নাটোর শহরের বনলতা উচ্চবিদ্যালয় কেন্দ্রে আজকের জেএসসি পরীক্ষায় অংশ নিতে সকালে অন্যান্য যাত্রীর সঙ্গে একটি অটোরিকশায় ওঠে নান্নু। সকাল সাড়ে আটটার দিকে চিড়াকোলা মোড়ে বিপরীত দিক দিয়ে আসা অপর একটি অটোরিকশা তাকে বহনকারী অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী আবদুর রাজ্জাকের ভাষ্য, অটোরিকশার বাঁ পাশে বসেছিল নান্নু। বিপরীত দিক থেকে আসা অপর অটোরিকশাটির ধাক্কায় সে মাটিতে ছিটকে পড়ে।
স্থানীয় লোকজন নান্নুকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় ক্ষুব্ধ লোকজন নাটোর-হালসা সড়ক অবরোধ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। বিপরীত দিক দিয়ে আসা অটোরিকশার চালক মোজাম্মেল হোসেনকে আটক করে থানায় নিয়ে যায় তারা। প্রশাসনের আশ্বাসে সকাল সাড়ে ১০টার দিকে বিক্ষুব্ধ জনতা অবরোধ তুলে নেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবদুস সাত্তার বলেন, এ ঘটনায় নান্নুর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। মামলায় অটোরিকশার চালক মোজাম্মেলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অটোরিকশাটি আটক করা হয়েছে।