জেএসসি পরীক্ষা দিচ্ছে দুই প্রতিবন্ধী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শারীরিক প্রতিবন্ধিতা দমাতে পারেনি তাদের। অদম্য ইচ্ছাশক্তির বলে প্রতিবন্ধকতাকে জয় করতে পড়াশোনা চালিয়ে যাচ্ছে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন গ্রামের আদিবাসী পল্লির রাফি হেমরনের মেয়ে সূর্যমুরি ও বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চৌধুরীপাড়ার আজাহার আলী চৌধুরীর ছেলে আতিকুর রহমান চৌধুরী। গত বৃহস্পতিবার শুরু হওয়া জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অংশ নিচ্ছে তারা। জন্ম থেকেই সূর্যমুরির বাম হাত নেই। ডান হাতটিও অনেকাংশে বিকল। প্রতিবন্ধী আদিবাসী সূর্যমুরি হেমরন ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন উচ্চবিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিচ্ছে। জানা গেছে, নারগুন গ্রামের আদিবাসী পল্লির মেয়ে সূর্যমুরির ডান হাতে চারটি অঙুল। তাও আঁকাবাঁকা। একদিন সেই হাত দিয়েই লেখার চেষ্টা করে সফল হয় সে। এরপর বিদ্যালয়ে ভর্তি হয়ে একের পর এক শ্রেণী পেরিয়ে যেতে থাকে। পরীক্ষা দিতে কোনো অসুবিধা হচ্ছে কি না এ প্রশ্নের জবাবে সূর্যমুরি বলে, ‘আমার তুলনায় বেঞ্চটি বেশ উঁচু। এ কারণে লিখতে একটু কষ্ট হচ্ছে।’ সূর্যমুরির বাবা রাফি হেমরন জানান, প্রতিবন্ধী হয়েও সূর্যমুরি জেএসসি পরীক্ষা দিচ্ছে। এতে গর্ববোধ করেন তিনি। নারগুন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বনি আমিন জানান, সূর্যমুরি শারীরিক প্রতিবন্ধী হলেও সে অত্যন্ত মেধাবী। দুপচাঁচিয়ার আতিকুর রহমান চৌধুরীর (১৮) ইচ্ছা ছিল পড়ালেখা শিখে বাবা-মায়ের অভাব ঘুচাবে। কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনার সময় হঠাৎ একদিন তার ভীষণ জ্বর হয়। ভুল চিকিৎসায় তার শরীরের কোমর থেকে নিচের অংশ পঙ্গু হয়ে যায়। অদম্য ইচ্ছার বলে সে এবার জেএসসি পরীক্ষা দিচ্ছে। বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চৌধুরীপাড়ার রিকশাচালক আজাহার আলী চৌধুরীর ছেলে আতিকুর দুপচাঁচিয়া পাইলট উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। তার মা জোলেখা বেগম জানান, আতিকুর ছোটবেলা থেকেই মেধাবী। আতিকুরের চিকিৎসার জন্য বাড়ি বিক্রি করে তাকে ভারতে নেওয়া হয়েছিল। সেখানকার চিকিৎসকেরা জানিয়েছেন, রোগ নির্ণয় না করে ভুল চিকিৎসা করার কারণেই সে পঙ্গু হয়ে গেছে। এরপর চার-পাঁচ বছর আতিকুরের পড়াশোনা হয়নি। আতিকুর বলে, ‘উত্তরপত্রের ওপরের অংশে বৃত্ত ভরাট করতে আমার অসুবিধা হচ্ছে। কিন্তু স্যার আমাকে বৃত্ত ভরাট করতে সাহায্য করছেন।’