জেএসসি পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে গত বছর থেকে চারু ও কারুকলা বিষয়কে আবশ্যিক হিসেবে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বিদ্যালয়গুলোতে এ বিষয়ের কোনো শিক্ষক নেই। এরই মধ্যে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা শুরু হওয়ায় উদ্বিগ্ন শিক্ষার্থীরা।
জেএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের অভিযোগ, শিক্ষক না থাকায় ভালো পাঠদান হয়নি। ফলে পরীক্ষায় ভালো ফল হবে কি না, তা নিয়ে তাঁরা উদ্বিগ্ন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, উপজেলায় ৩৬টি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয় থেকে এ বছর এক হাজার ৮০০ জন জেএসসি পরীক্ষা দিচ্ছে। অথচ বিদ্যালয়গুলোতে চারু ও কারুকলা বিষয়ের কোনো শিক্ষক নেই। জেএসসি পরীক্ষায় এ বিষয়ে ৫০ নম্বরের পরীক্ষা দিতে হবে। গত বছর চারু ও কারুকলা বিষয়টি পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তখন থেকেই বিদ্যালয়ে অন্য বিষয়ের শিক্ষক দিয়ে এ বিষয়ে পাঠদান চলছে। এসব শিক্ষকের ওই বিষয় সম্পর্কে কোনো প্রশিক্ষণ বা অভিজ্ঞতাও নেই।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একরামুল হক সরকার বলেন, ‘কোনো স্কুলেই চারু ও কারুকলার শিক্ষক নেই। প্রধান শিক্ষকেরা অন্য বিষয়ের শিক্ষক দিয়ে ক্লাস করিয়েছেন। এ বিষয়ে শিক্ষক নিয়োগের কোনো নির্দেশনা পাওয়া যায়নি।’ তিনি জানান, বিদ্যালয় কর্তৃপক্ষ দায়সারাভাবে অন্য বিষয়ের শিক্ষক দিয়ে পাঠদান করিয়েছে এবং পরীক্ষাগুলোর উত্তরপত্র মূল্যায়ন করেছে।
উপজেলার আছির উদ্দিন চিশতি মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল হামিদ বলেন, ‘উপজেলায় এ বিষয়ের কোনো শিক্ষকও মিলছে না। তাই যে শিক্ষক মোটামুটিভাবে ছবি আঁকতে পারেন, তাঁকে দিয়েই ক্লাস করানো হয়েছে। তবে শিক্ষার্থী ও অভিভাবকেরা এ বিষয় নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। কারণ, এ বিষয়ে জিপিএ-৫ না পেলে সার্বিক ফল জিপিএ-৫ হবে না।’ একই ধরনের কথা বলেন তালোড়া আলতাফ আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল ইসলামসহ কয়েকজন শিক্ষক।
দুপচাঁচিয়া পাইলট উচ্চবিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী (মেধাক্রমে দ্বিতীয়) রুবাইয়াত শারমিন বলে, ‘চারু ও কারুকলা বিষয়ে স্কুলে কোনো স্যার নেই। বিজ্ঞান শিক্ষক কয়েক দিন পড়িয়েছেন। ছবি আঁকার নিয়মকানুন শেখানো হয়নি। তাই ভালো ছবি আঁকতে পারি না। এ বিষয়ের জন্য আমার জিপিএ-৫ পাওয়া কঠিন হবে।’
দুপচাঁচিয়া পাইলট উচ্চবিদ্যালয়ের পরীক্ষার্থী শারমিনের বাবা রুবেল হোসেন বলেন, ‘চারু ও কারুকলা বিষয়ে ভালো ক্লাস হয়নি। স্কুলের বাইরে এ বিষয়ে ভালো জানা কোনো শিক্ষকও মেলেনি। তাই মেয়েটার পরীক্ষা নিয়ে খুবই দুশ্চিন্তায় আছি।’
রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল কালাম আজাদ বলেন, ‘এবার এই বোর্ডে দুই লাখ চার হাজার শিক্ষার্থী জেএসসি পরীক্ষা দিচ্ছে। উত্তরপত্র মূল্যায়নের জন্য এক হাজার ২০ জন পরীক্ষক প্রয়োজন। কিন্তু সরকারি বিদ্যালয়গুলোতে চারু ও কারুকলা বিষয়ের মাত্র ১৫০ জন শিক্ষক রয়েছেন। পরীক্ষক নিয়োগে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। যেহেতু বিষয়টি পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, সেহেতু শিক্ষক নিয়োগ বা অন্য শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে ক্লাস করানো যেতে পারে।’