জেএসসি পরীক্ষা ১ নভেম্বর শুরু
২০১৬ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হবে আগামী ১ নভেম্বর। চলবে ১৭ নভেম্বর পর্যন্ত।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান আজ সোমবার প্রথম আলোকে এ তথ্য জানান।
প্রাথমিক শিক্ষার স্তর অষ্টম শ্রেণি পর্যন্ত হওয়ায় এবার এই পরীক্ষা হবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে। এ বিষয়ে ঢাকা বোর্ডের চেয়ারম্যান বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে হলেও শিক্ষা মন্ত্রণালয়ও এতে যুক্ত থাকবে। এ জন্য পরীক্ষা–সংক্রান্ত কমিটিগুলোও পরিবর্তন করা হয়েছে। তবে পরীক্ষাগুলো আগের মতোই শিক্ষা বোর্ড গ্রহণ করবে।
সম্প্রতি প্রাথমিক শিক্ষার স্তর অষ্টম শ্রেণি পর্যন্ত করার পর প্রথমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছিল, পঞ্চম শ্রেণি শেষে আর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা নেবে না। কিন্তু মন্ত্রিসভা মন্ত্রণালয়ের এই প্রস্তাব নাকচ করে দেয়। ফলে এ বছর আগের মতোই জেএসসি ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে।