জেএসসি পরীক্ষার অজুহাতে বিদ্যালয় ১৮ দিন বন্ধ!
পরীক্ষার কেন্দ্র হয়নি, তবুও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার অজুহাতে গোপালগঞ্জের শেখ মুজিব আদর্শ উচ্চবিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রশিদ ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করেছেন বলে অভিযোগ উঠেছে।
এদিকে বার্ষিক পরীক্ষার আগে বিদ্যালয় বন্ধ করে দেওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী বলে, গত ৩১ অক্টোবর বিভিন্ন শ্রেণিকক্ষে নোটিশ দিয়ে জানানো হয়, জেএসসি পরীক্ষার জন্য ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকবে।
বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, শেখ মুজিব আদর্শ উচ্চবিদ্যালয় সদরের বুরাশী ইউনিয়নের উত্তর ভেন্নাবাড়ী এলাকায় অবস্থিত। জেএসসির কেন্দ্র না হলেও বিদ্যালয় বন্ধ ঘোষণা করায় ওই বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে অধ্যয়নরত প্রায় ৭০০ শিক্ষার্থী বিপাকে পড়েছে। ১৮ দিন ক্লাস বন্ধ থাকায় বার্ষিক পরীক্ষায় ফল খারাপ হওয়ার আশঙ্কা করছে শিক্ষার্থীরা।
এ ঘটনার প্রতিবাদে গত মঙ্গলবার অভিভাবকদের পক্ষে উত্তর ভেন্নাবাড়ী গ্রামের ইকবাল মোল্লা জেলা প্রশাসকের কাছে একটি লিখিত আবেদন করেছেন। আবেদনে কোনো কারণ ছাড়া বার্ষিক পরীক্ষার আগে ১৮ দিন বিদ্যালয় বন্ধ ঘোষণা করায় ক্ষোভ প্রকাশ করে এ ঘটনার প্রতিকার চাওয়া হয়েছে।
‘বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়নি’ দাবি করে প্রধান শিক্ষক আবদুর রশিদ গতকাল বৃহস্পতিবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমাদের বিদ্যালয়ে আমরা ১২ জন শিক্ষক কর্মরত। এর মধ্যে আমিসহ ১০ জন জেএসসি পরীক্ষার হলে কক্ষ পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছি। এ জন্য যেদিন পরীক্ষা থাকে সেদিন ক্লাস নেওয়া সম্ভব হয় না। যেদিন পরীক্ষা থাকে না সেদিন বিদ্যালয়ে ক্লাস নেওয়া হচ্ছে।’
জেলা শিক্ষা কর্মকর্তা রেশমা আক্তার বলেন, ‘কেন্দ্র না থাকলে বিদ্যালয় বন্ধ করা যায় না। ওই প্রধান শিক্ষক বিদ্যালয় বন্ধের ব্যাপারে আমার সঙ্গে কোনো আলাপ করেননি। বন্ধের ঘটনা জেনে আমি ওই প্রধান শিক্ষকের কাছে এর ব্যাখ্যা চেয়েছি। নিয়ম অনুযায়ী, ২০ জন শিক্ষার্থীর বিপরীতে সংশ্লিষ্ট বিদ্যালয়ের একজন শিক্ষক পরিদর্শক হতে পারেন। আমি খতিয়ে দেখব নিয়ম ভঙ্গ করা হয়েছে কি না।