জেএসসি পরীক্ষার সিদ্ধান্ত কেন বেআইনি নয়, হাইকোর্টের রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষাপদ্ধতি চালুর সিদ্ধান্ত কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আজ বৃহস্পতিবার এ রুল দেন।

শিক্ষাসচিব, ঢাকা বোর্ডের চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রকসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

২০১০ সালের ১৪ মার্চ সরকার জেএসসি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে ওই বছরের ১৫ জুন সরকার একটি পরিপত্র জারি করে। ওই পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে ভিকারুননিসা নূন স্কুলের এক শিক্ষার্থীর অভিভাবক ও সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ চলতি বছরের ৩১ আগস্ট একটি রিট আবেদন করেন। ওই আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আদালত এ রুল দেন।

আদালতে রিটের পক্ষে ইউনুছ আলী আকন্দ নিজে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।