জেএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রৌমারীতে জসিমউদ্দিন নামের এক জেএসসি পরীক্ষার্থীকে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। তার পরিবার জানায়, দাবি করা চার লাখ টাকা না পেয়ে স্থানীয় এক ব্যক্তি গত বুধবার তাদের একমাত্র ছেলেকে অপহরণ করেছে।এ ব্যাপারে রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। পুলিশ গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ছেলেটিকে উদ্ধার করতে পারেনি। জসিমউদ্দিন উপজেলার ধনারচর মধ্যপাড়া গ্রামের সৌদিপ্রবাসী দুলাল ভূঁইয়ার ছেলে ও যাদুচর কোমরভাঙ্গি উচ্চবিদ্যালয়ের ছাত্র। ওই ছাত্রের মা বলেন, ‘জসিমউদ্দিন বুধবার যাদুরচর উচ্চবিদ্যালয় কেন্দ্রে জেএসসির গণিত পরীক্ষা দিতে যায়। পরীক্ষা শেষে সে আর বাড়ি ফেরেনি। একই গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে সাইফুল ইসলাম (৪২) আমার কাছে কয়েক মাস ধরে চার লাখ টাকা দাবি করছিল। এই টাকা না দিলে ছেলেকে হারাতে হবে বলে সে আমাকে হুমকি দেয়। সর্বশেষ ৯ নভেম্বর সাইফুল প্রকাশ্যে ওই টাকা দাবি করে। এ নিয়ে শুক্রবার সালিস বৈঠকের কথা ছিল।’গ্রামের আবদুল হান্নান বলেন, ‘শিশুটির মা কয়েক দিন আগে আমাকে টাকা চাওয়ার বিষয়টি জানান। এ নিয়ে গতকাল (শুক্রবার) সালিস ডাকা হয়।’এ ব্যাপারে কথা বলতে সাইফুল ইসলামের মুঠোফোনে ফোন করলেও তিনি ধরেননি। তাঁর বাড়িতে গেলে পরিবারের সদস্যরা কেউ কথা বলতে রাজি হননি। কোমরভাঙ্গি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, ‘জসিমউদ্দিনের নিখোঁজ হওয়া দুঃখজনক।’