জেএসসি পরীক্ষার্থীদের বয়স ১১২ বছর!
বরিশালে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের অনেকের প্রবেশপত্রে জন্ম সাল ১৯০৪ লেখা হয়েছে। সে হিসেবে এই জেএসসি পরীক্ষার্থীদের বয়স ১১২ বছর হয়। বরিশাল শিক্ষা বোর্ডের উদাসীনতায় এমনটা হয়েছে বলে শিক্ষকেরা অভিযোগ করেছেন। তবে শিক্ষা বোর্ডের দাবি, সমস্যা গুরুতর নয়; এটি সমাধানযোগ্য।
বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, আগামী ১ নভেম্বর শুরু হবে জেএসসি পরীক্ষা। বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এ বছর পরীক্ষায় অংশ নেবে ১ লাখ ১৭ হাজার ৪৫৬ জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের মধ্যে যাদের জন্ম ২০০৪ সালে, তাদের সবার জন্ম তারিখের স্থানে লেখা রয়েছে ১৯০৪ সাল। কম্পিউটারে কাজ করতে গিয়ে শব্দ পরিবর্তন না করায় ওই সমস্যা হয়েছে।
বরিশাল ব্রজমোহন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান প্রথম আলোকে বলেন, বয়সের বিভ্রাটে শিক্ষার্থীদের বিচলিত হওয়া স্বাভাবিক। শিক্ষা বোর্ডের ত্রুটির কারণে এমনটি হয়েছে। শিক্ষা বোর্ড একটু সতর্ক হলে এ সমস্যা হতো না, যদিও তারা বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছে।
নগরের এক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, শিক্ষার্থীদের হাতে পরীক্ষার প্রবেশপত্র দেওয়ার পর ভুল ধরা পড়ে। এ ব্যাপারে অভিভাবকেরা বিদ্যালয় কর্তৃপক্ষকে দায়ী করছেন। কিন্তু বিষয়টি শিক্ষা বোর্ডের ত্রুটি। এটা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকেরা বিভ্রান্তিতে আছে। বিষয়টি শিক্ষা বোর্ডকে জানালে তারা ওই প্রবেশপত্রে পরীক্ষা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। তাঁর অভিযোগ, অর্থ দিয়ে নাম ও নিবন্ধন নম্বরের ভুল সংশোধনের আবেদন করলেও তা সংশোধন করা হয়নি। একই ভুলসহ নিবন্ধন সরবরাহ করা হয়েছে।
বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা হোসেন বলেন, ‘আমার বিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থী বয়স বিভ্রাটে পড়েছে। জেএসসি পরীক্ষার্থী যাদের জন্ম ২০০৪ সালে, তারা প্রবেশপত্র নিয়ে অভিযোগ দিয়েছে। জন্মসাল কথায় ঠিক থাকলেও সালের ঘরে অঙ্কে লেখা রয়েছে ১৯০৪।’ তিনি জানান, শিক্ষা বোর্ড থেকে চিঠি দিয়ে বিষয়টি সংশোধনের কথা জানানো হয়েছে।
এ ব্যাপারে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক প্রথম আলোকে বলেন, ‘কম্পিউটারে শব্দ পরিবর্তন না করায় এ সমস্যা দেখা দিয়েছে। এটা নিয়ে বিভ্রান্তির কিছু নেই। যেহেতু প্রবেশপত্র আগে পাঠানো হয়েছে, তাই সংশোধন করা যাচ্ছে না। আমরা কম্পিউটারে সব সংশোধন করে নিয়েছি। পরীক্ষাকেন্দ্র এবং বিদ্যালয়ের প্রধানদের চিঠি দিয়ে আশ্বস্ত করেছি।’