ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সেতুর রেলিং ভেঙে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে চালক, তাঁর সহকারীসহ তিনজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। গত বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নেত্রকোনার সদর উপজেলায় গতকাল বৃহস্পতিবার পৃথক সড়ক দুর্ঘটনায় এক জেএসসি পরীক্ষার্থী ও এক নারী নিহত হয়। জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল সড়ক দুর্ঘটনায় আরও একজন নিহত হয়।
নিহত ব্যক্তিরা হলেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার মালদোহা এলাকার আলমগীর হোসেন (৪৫), বাসচালক ঢাকার যাত্রাবাড়ী এলাকার আবদুল খালেক (৫৫), তাঁর সহকারী বগুড়ার স্বপন মিয়া (৩৮); নেত্রকোনার সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া গ্রামের আবদুর রশিদের মেয়ে সুমা আক্তার (১৩), একই উপজেলার মোবারকপুর গ্রামের মৃত আবদুল মিয়ার স্ত্রী জুবেদা খাতুন (৫৮) ও জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাঘাডুবা গ্রামের নবাব আলীর ছেলে লিটন মিয়া (৩২)।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
ব্রাহ্মণবাড়িয়া ও সরাইল: বিজয়নগর থানার পুলিশ সূত্র জানায়, গত বুধবার রাত নয়টার দিকে সিলেট থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-সিলেট মহাসড়কের শশই এলাকায় সেতুর রেলিং ভেঙে খাদে পড়ে যায়। এতে আলমগীর হোসেন ঘটনাস্থলেই নিহত ও ২২ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে বাসচালক আবদুল খালেক (৫৫) ও তাঁর সহকারী স্বপন মিয়াকে (৩৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত একটার দিকে তাঁরা মারা যান। আহত অন্যদের জেলা সদর হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। হানিফ পরিবহনের ঢাকা কার্যালয়ের ব্যবস্থাপক মাহফুজুর রহমান বলেন, খালেক ও স্বপনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
নেত্রকোনা: নেত্রকোনার মডেল থানার পুলিশ সূত্রে জানা গেছে, সুমা দক্ষিণ বিশিউড়া উচ্চবিদ্যালয় থেকে এবার জেএসসি পরীক্ষা দিচ্ছিল। গতকাল সকালে বাড়ি থেকে তার এক আত্মীয়ের সঙ্গে মোটরসাইকেলে করে চল্লিশা উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিল। দক্ষিণ বিশিউড়া-চল্লিশা সড়কের চন্দ্রখিলা এলাকায় পৌঁছলে একটি লরির সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে সুমা ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলে মারা যায়। নেত্রকোনা মডেল থানার ওসি মো. আবু তাহের দেওয়ান বলেন, সুমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার মোবারকপুর গ্রামের জুবেদা খাতুন গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার পাঁচাশি গ্রামে মেয়ের বাড়ি থেকে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। এ সময় আমতলা-নেত্রকোনা সড়কের প্রতাপপুর এলাকায় অটোরিকশাটি মোড় ঘোরাতে গেলে জুবেদা ছিটকে পড়ে যান। এতে তিনি মাথায় আঘাত পান। গুরুতর আহত অবস্থায় স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে বেলা পৌনে দুইটায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
সরিষাবাড়ী (জামালপুর): পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে সাতটায় সরিষাবাড়ী পৌরসভার মুলবাড়ী এলাকায় সিলেটগামী বিআরটিসির বাসের সঙ্গে তারাকান্দিগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ ছয়জন গুরুতর আহত হন। আহত ব্যক্তিদের জামালপুর সদর হাসপাতালে নেওয়ার পথে লিটন মিয়া মারা যান। সরিষাবাড়ী থানার ওসি রেজাউল ইসলাম খান বলেন, এ ঘটনায় কোনো মামলা হয়নি।