জেএসসি পাস করল ঝরে পড়া ১০ শিশু
নদীভাঙনের শিকার মানুষেরা একসময় দুর্গম চরে আশ্রয় নিয়েছিল। সেখানে বিদ্যালয় না থাকায় অনেক শিশুর লেখাপড়া বন্ধ হয়ে যায়। ঝরে পড়া এসব শিশুর জন্য এগিয়ে আসে প্রথম আলো ট্রাস্ট। তারা করে দেয় বিদ্যালয়। সেই বিদ্যালয় থেকে ২০১৫ সালে ঝরে পড়া ১০ শিশু জেএসসি পাস করল।
ঘটনাটি ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদীর মাঝে দুর্গম মদনপুর ইউনিয়নের। স্থানীয় সমাজসেবক লুৎফুর রহমান পাটওয়ারী বলেন, ২০০৭ সালে প্রথম আলো ট্রাস্ট প্রায় তিন লাখ টাকা দিয়ে একটি ভবন নির্মাণ করে প্রথম মদনপুরে একটি প্রাথমিক বিদ্যালয় চালু করে। ওই বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি পাসের পর অধিকাংশ ছাত্রছাত্রী ঝরে পড়ে। প্রথম আলো ট্রাস্ট ওই ইউনিয়নে ২০১৫ সাল থেকে প্রথম আলো ট্রাস্ট নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের কার্যক্রম শুরু করে। শিক্ষকেরা চরের বিভিন্ন বাড়ি থেকে ঝরে পড়া ছাত্রছাত্রীদের ডেকে এনে বিদ্যালয়ে ভর্তি করেন। এমন ১০ জন ছাত্রছাত্রী গত বছর জেএসসি পরীক্ষায় অংশ নেয়। তারা সবাই পাস করেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন বলেন, ‘আমাদের আন্তরিক প্রচেষ্টা আর প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় বিদ্যালয় থেকে ঝরে পড়া ১০ জন ছাত্রছাত্রীকে জেএসসি পরীক্ষা দেওয়ানো হয়। পরীক্ষায় রাজিয়া বেগম জিপিএ-৪.২৫, আচিয়া বেগম জিপিএ-৪, মো. রাকিব জিপিএ-৪.২৫, শাহানাজ বেগম জিপিএ-৪.২০, মোসাম্মৎ হালিমা জিপিএ-৪.৩৫, মোসাম্মৎ শাহিনা জিপিএ-৪.৩৫, মোসাম্মৎ সুরমা জিপিএ-৪.২৫ পেয়েছে। এছাড়া তিনজন ভালো ফল করেছে।’
হালিমার বাবা ফারুক দৌলত বলেন, ‘স্বপ্নেও ভাবিনি চরে (ইউনিয়ন) বসে ছেলেমেয়েকে লেখাপড়া শেখাতে পারব। কিন্তু প্রথম আলোর সহযোগিতায় তা সম্ভব হয়েছে।’
মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি নাছির উদ্দিন বলেন, ভাঙনকবলিত মানুষেরা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে ১৯৯২-৯৩ সালে এখানকার চরে বসবাস শুরু করে। এখানে বিদ্যালয়ের অভাবে শিশুরা লেখাপড়া থেকে বঞ্চিত ছিল। এখন তারা লেখাপড়ার সুযোগ পাচ্ছে। এ ক্ষেত্রে প্রথম আলোর পাশাপাশি অন্যদেরও এগিয়ে আসা উচিত।