জেএসসিতে ঢাকার সেরা ২০-এ টাঙ্গাইলের চার প্রতিষ্ঠান
এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় টাঙ্গাইলের চারটি শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বোর্ডের সেরা ২০ প্রতিষ্ঠানের তালিকায় স্থান করে নিয়েছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে: ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয় ও মির্জাপুর ক্যাডেট কলেজ।জেলা প্রশাসনের শিক্ষা কল্যাণ বিভাগ জানায়, জেলার ১২টি উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে এ বছর ৩৯ হাজার ১০৩ শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৩৪ হাজার ৮২০ জন। পাসের হার ৮৯ দশমিক ০৫ ভাগ। মোট জিপিএ-৫ পেয়েছে এক হাজার ১৪২ জন শিক্ষার্থী।ঢাকা বোর্ডে ফলাফলের দিক দিয়ে নবম স্থান দখল করেছে ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এ প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৫৮ জনই পাস করেছে; জিপিএ-৫ পেয়েছে ৪৮ জন। বোর্ডে দশম স্থানে রয়েছে টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। এ বিদ্যালয়ের ২৫৩ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে; জিপিএ-৫ পেয়েছে ১৭১ জন। ১৩তম স্থানে রয়েছে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয়। এ বিদ্যালয়ের ৩৫৯ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে; জিপিএ-৫ পেয়েছে ২০০ জন। ১৫তম স্থান অর্জন করেছে মির্জাপুর ক্যাডেট কলেজ। এ কলেজের ৫২ পরীক্ষার্থীর সবাই পাস করেছে; জিপিএ-৫ পেয়েছে ৩৭ জন।সুনামগঞ্জ অফিস জানায়, এবারের জেএসসি পরীক্ষায় জেলায় সবচেয়ে ভালো ফল করেছে সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়। সিলেট শিক্ষা বোর্ডের সেরা ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় এই বিদ্যালয়ের স্থান দশম। বিদ্যালয় সূত্র জানায়, এবার সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় ১৬৮ জন অংশ নিয়েছিল; সবাই পাস করেছে। তার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৮ জন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনন্ত কুমার সিংহ জানান, শিক্ষার্থীদের চেষ্টা এবং শিক্ষকদের পরিশ্রমের জন্য ভালো ফল সম্ভব হয়েছে।