কুমিল্লা শিক্ষা বোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ দুই-ই কমেছে। পাসের হার গতবারের তুলনায় ২ দশমিক ৮৩ ভাগ কমেছে। একই সঙ্গে জিপিএ-৫ কমেছে ১ হাজার ৫৬১টি। কমেছে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা। এবারও পাসের হারে ছেলেরা ও জিপিএ-৫-এ মেয়েরা এগিয়ে। পাসের হার শূন্য এমন শিক্ষাপ্রতিষ্ঠান নেই। গতকাল বৃহস্পতিবার জেএসসির প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, চলতি বছর এ বোর্ডে ২ লাখ ৬৩ হাজার ১৭৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে কৃতকার্য হয়েছে ২ লাখ ৩১ হাজার ৫২৮ জন। পাসের হার ৮৯ দশমিক ৬৮। ছেলেদের পাসের হার ৯০ দশমিক ৬৬ এবং মেয়েদের ৮৮ দশমিক ৯৭। জিপিএ-৫ পেয়েছে ১৯ হাজার ১৮৬ জন। এর মধ্যে ছেলে ৭ হাজার ১৬১ জন, মেয়ে ১২ হাজার ২৫ জন। এবার বোর্ডের অধিভুক্ত ছয় জেলার ১ হাজার ৮৭০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৩৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে।
গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৯২ দশমিক ৫১। জিপিএ-৫ পেয়েছিল ২০ হাজার ৭৪৭ জন। আর ৪৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী কৃতকার্য হয়েছিল।
এদিকে ফল ঘোষণার পর নগরের অন্তত আটটি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উল্লাস করতে দেখা গেছে। শিক্ষার্থীরা প্রত্যাশিত ফল পেয়ে স্কুল প্রাঙ্গণে নেচে-গেয়ে উল্লাস করে। ঐতিহ্যবাহী কুমিল্লা জিলা স্কুল থেকে এবার ৩৭৬ জন পরীক্ষা দিয়ে ৩৩২ জন জিপিএ-৫ পেয়েছে। নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে ৩৭৩ জন পরীক্ষা দিয়ে ৩০৮ জন জিপিএ-৫ পেয়েছে। উভয় বিদ্যালয়ের পাসের হার শতভাগ।
কুমিল্লা শিক্ষা বোর্ডের কম্পিউটার কেন্দ্রের জ্যেষ্ঠ সিস্টেম এনালিস্ট বিকাশ মল্লিক জানান, এ বছর কুমিল্লা বোর্ডে ইংরেজি পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ৫৮ হাজার ১৩৭ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ২ লাখ ৩৭ হাজার ৭০৩ জন। ইংরেজিতে ২০ হাজার ৪৩৪ জন পরীক্ষার্থী অকৃতকার্য হওয়ায় সামগ্রিক পাসের হারে ব্যত্যয় ঘটেছে।
মেয়েদের জিপিএ-৫ বেশি পাওয়া প্রসঙ্গে কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নার্গিস আক্তার বলেন, ‘ছেলেদের তুলনায় মেয়েরা পড়াশোনায় বেশ যত্নবান। নিয়মিত অনুশীলন ও অহেতুক সময় নষ্ট না করে ওরা কাঙ্ক্ষিত ফলের জন্য বেশি চেষ্টা করে। যে কারণে মেয়েরা জিপিএ-৫-এ এগিয়ে। সৃজনশীল প্রশ্নপত্র সম্পর্কে আরও ধারণা নিলে পাসের হার ও জিপিএ-৫ বাড়ত।’
জানতে চাইলে কুমিল্লার বিশিষ্ট শিক্ষাবিদ ও কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, সারা দেশে গড় পাসের হার ৯৩ দশমিক শূন্য ৬। কুমিল্লায় তার চেয়ে ৩ দশমিক ৩৮ শতাংশ কম। সৃজনশীল প্রশ্নপত্র তৈরি নিয়ে শিক্ষকদের একটা অংশের দুর্বলতা, যোগ্য ও অভিজ্ঞ শিক্ষকের সংকট কাটিয়ে উঠলে ফল আরও ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। একসময় কুমিল্লা শিক্ষাদীক্ষায় এগিয়ে ছিল। এখন সেই গৌরব আর নেই। এবারের ফল বিশ্লেষণে সেটাই দেখা গেল।
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আবদুল খালেক বলেন, ‘পাসের হারে আমি মোটামুটি সন্তুষ্ট। ভবিষ্যতে পাসের হার ও জিপিএ-৫ বাড়ানোর জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের পাঠদানের ক্ষেত্রে আরও তত্পর হতে হবে। বোর্ডও এ বিষয়ে মতবিনিময় সভা করবে।’