জেএসসিতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তদন্তে কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলমান জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। তিন সদস্যের এই কমিটিকে ১০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কয়েক দিন ধরেই একাধিক শিক্ষার্থী ও শিক্ষক অভিযোগ করে আসছেন, পরীক্ষার আগেই প্রশ্নপত্র ‘ফাঁস’ হয়ে যাচ্ছে। যেসব প্রশ্ন ‘ফাঁস’ করে বিক্রি করা হচ্ছে, পরীক্ষার প্রশ্নপত্রেও তার প্রায় সবই মিলে যাচ্ছে।
রাজধানীর নামকরা একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষার্থী ও শিক্ষক প্রথম আলোর কাছে অভিযোগ করেন, এবার পরীক্ষা শুরুর পর থেকেই প্রশ্নপত্র ‘ফাঁস’ হচ্ছে।
তবে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তাসলিমা বেগম প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ নাকচ করে দিয়ে প্রথম আলোকে বলেন, প্রথাগত প্রশ্ন হওয়ায় সাজেশন থেকে কিছু প্রশ্ন মিলতে পারে, তবে সৃজনশীলের কোনো প্রশ্নই মেলেনি। এটা প্রশ্ন ‘ফাঁস’ নয়, সাজেশন। তার পরও কোথা থেকে এটা হচ্ছে, তা জানার জন্য কমিটি গঠন করা হয়েছে।
ঢাকা বোর্ড সূত্রে জানা গেছে, একজন উপপরিচালকে প্রধান করে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।