এবার মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলোতে চারু ও কারুকলা বিষয়টিকে আবশ্যিক (বাধ্যতামূলক) হিসেবে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। ৪ নভেম্বর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় শিক্ষার্থীরা এ বিষয়ে পরীক্ষা দেবে। কিন্তু বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বিদ্যালয়গুলোতে এ বিষয়ের কোনো শিক্ষক না থাকায় এখানকার জেএসসি পরীক্ষার্থীরা ভালো ফল করা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, উপজেলায় ৩৬টি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয় থেকে এক হাজার ৫০০ শিক্ষার্থী এবার জেএসসি পরীক্ষা দেবে। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চারু ও কারুকলা বিষয়ে কোনো শিক্ষক নেই। তবে বিষয় পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির পর কোনো কোনো বিদ্যালয়ে অন্য বিষয়ের শিক্ষক দিয়ে পড়ানো হয়েছে। এবারের জেএসসিতে এই বিষয়ে ৫০ নম্বরের পরীক্ষা দিতে হবে।
আছির উদ্দিন চিশতি মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল হামিদ বলেন, নতুন এই বিষয় পাঠ্যসূচিতে দেওয়া হয়েছে। এই বিষয়ে কোনো শিক্ষক না থাকায় যে শিক্ষক ছবি আঁকতে পারেন, তাঁকে দিয়ে ক্লাস করানো হয়েছে। তবে শিক্ষার্থী ও অভিভাবকেরা এ বিষয়ে ভালো নম্বর পাওয়া নিয়ে দুশ্চিন্তায় আছেন। কারণ, এ বিষয়ে জিপিএ-৫ না পেলে সার্বিক ফল জিপিএ-৫ হবে না।
দুপচাঁচিয়া পাইলট উচ্চবিদ্যালয়ের পরীক্ষার্থী নূরে শারমিন বলে, ‘বিজ্ঞান স্যার কয়েক দিন চারু ও কারুকলা বিষয়ের ক্লাস নিচ্ছেন। এখনো ভালো ছবি আঁকতে পারি না। এ বিষয়ে কম নম্বর পেলে জিপিএ-৫ পাওয়া কঠিন হবে।’
নাম প্রকাশে অনিচ্ছুক বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা অভিযোগ করেন, চারু ও কারুকলার মতো একটি বিষয় শিক্ষক নিয়োগ না দিয়ে পাঠ্যসূচিতে ঢুকিয়ে দেওয়ায় শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে। রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম এ হুরাইরা মুঠোফোনে বলেন, ‘এবার এই বোর্ড থেকে এক লাখ ৭৭ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দেবে। কিন্তু আমাদের সরকারি বিদ্যালয়গুলোতে মাত্র ১৫০ জন চারু ও কারুকলা শিক্ষক রয়েছেন।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একরামুল হক বলেন, উপজেলার কোনো বিদ্যালয়েই চারু ও কারুকলার শিক্ষক নেই। এ বিষয়ে শিক্ষক নিয়োগের কোনো নির্দেশনা না পাওয়ায় কিছু করা যায়নি।