জেএসসিতে শমশেরনগর বিএএফ শাহীন কলেজ বোর্ডে দশম
জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা (জেএসসি) ২০১৪ সালে সিলেট শিক্ষা বোর্ডে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বিএএফ শাহীন কলেজ সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে।
গতকাল মঙ্গলবার প্রকাশিত জেএসসির ফলাফলে এবার সিলেট শিক্ষা বোর্ডে সেরা ২০-এর তালিকায় এ শিক্ষাপ্রতিষ্ঠান দশম স্থান অর্জন করেছে।
শমশেরনগর বিএএফ শাহীন কলেজ সূত্রে জানা যায়, ২০১৩ সালে প্রথমবারের মতো এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৮২ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নেয়।
প্রথমবারই জিপিএ-৫ পায় ৭১ জন। সেবার সিলেট শিক্ষা বোর্ডে প্রতিষ্ঠানটি সেরাদের তালিকায় পঞ্চম স্থান অর্জন করে। এবার এখান থেকে জেএসসিতে ১১৮ পরীক্ষার্থীর মধ্যে ৫৫ জন জিপিএ-৫ পেয়েছে।
অধ্যক্ষ স্কোয়ার্ডন লিডার শেখ জাকির আহমদ বলেন, ‘প্রথমবার জেএসসিতে সিলেট শিক্ষা বোর্ডে সেরা ২০-এর মধ্যে পঞ্চম হয়েছিল এ শিক্ষাপ্রতিষ্ঠান। এবার দশম হয়েছে। আসলে পরীক্ষার আগ মুহূর্তে জেএসসির এক পরীক্ষার্থীর মৃত্যুসহ কয়েকজন মেধাবী পরীক্ষার্থী অভিভাবকের বদলিজনিত কারণে অন্যত্র চলে যায়। তা না হলে হয়তো সেরা তালিকায় শিক্ষাপ্রতিষ্ঠানটির অবস্থান আরও ওপরের দিকে থাকত।’