জেএসসিতে ১১৫ শিক্ষার্থীর অংশ নেওয়া অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তায় পড়েছে ঠাকুরগাঁওয়ের সালন্দর উচ্চবিদ্যালয়ের ১১৫ শিক্ষার্থী। বরখাস্ত হওয়া শিক্ষককে পুনর্বহালের সিদ্ধান্ত অমান্য করায় বুধবার পরীক্ষার্থীদের নিবন্ধনের বিপরীতে জমা দেওয়া ব্যাংক ড্রাফট দিনাজপুর শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ ফেরত দেওয়ায় এ অনিশ্চয়তা দেখা দিয়েছে।বিদ্যালয় সূত্রে জানা যায়, জেএসসি পরীক্ষার শিক্ষার্থীদের নাম নিবন্ধনের জন্য ব্যাংক ড্রাফট জমা দেওয়ার শেষ দিন গত বুধবার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল আলম বিদ্যালয়ের ১১৫ শিক্ষার্থীর নিবন্ধনের বিপরীতে নির্ধারিত টাকার ব্যাংক ড্রাফট বোর্ডের নির্ধারিত ব্যাংকে জমা দেন। এরপর তিনি বিদ্যালয়ের গোপন নম্বর অবগত করার দায়িত্বে থাকা কর্মকর্তার কাছে গিয়ে বিদ্যালয়ের গোপন নম্বর চাইলে সালন্দর উচ্চবিদ্যালয়ের গোপন নম্বরটি বোর্ডের বিদ্যালয় পরিদর্শক হামঞ্চাদুল বারের কাছে রয়েছে বলে তিনি জানান। পরে প্রধান শিক্ষক বিদ্যালয় পরিদর্শক হামঞ্চাদুল বারের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আপনার স্কুলের নিবন্ধন কার্যক্রম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আপনি জমা দেওয়া ব্যাংক ড্রাফট ফেরত নিয়ে যান।’প্রধান শিক্ষক ব্যাংক ড্রাফট ফেরত নিতে অস্বীকার করলে বিদ্যালয় পরিদর্শক বোর্ডের বিদ্যালয় উপপরিদর্শক রবীন্দ্র নারায়ণ ভট্টাচার্য্যকে ডেকে পাঠান ও ব্যাংক ড্রাফট তুলে এনে প্রধান শিক্ষককে ফেরত দিতে বলেন। উপপরিদর্শক ব্যাংক ড্রাফট তুলে এনে প্রধান শিক্ষকের হাতে ধরিয়ে দেন। সে সময় তিনি বলেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলামকে শিক্ষা বোর্ড পুনর্বহালের সিদ্ধান্ত দিয়েছে। সে সিদ্ধান্ত না মানলে জেএসসি পরীক্ষা শুধু নয়, স্কুলের নিবন্ধনও বাতিল হয়ে যাবে।দিনাজপুর শিক্ষা বোর্ডের বিদ্যালয় উপপরিদর্শক রবীন্দ্র নারায়ণ ভট্টাচার্য্য বলেন, বরখাস্ত হওয়া সহকারী শিক্ষক সাইফুল ইসলাম পুনর্বহালের জন্য বোর্ডে আবেদন করলে বোর্ড তাঁকে পুনর্বহাল করার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সিদ্ধান্ত পাঠায়। এ সিদ্ধান্ত না মানায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। বোর্ডের সিদ্ধান্ত না মানলে বিদ্যালয়টির অনুমোদন বাতিল হয়ে যেতে পারে। তবে বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম বিবেচনায় রাখা হয়েছে।২০১০ সালের ১৯ জুলাই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীরা সহকারী শিক্ষক সাইফুল ইসলামকে এক ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। ২১ জুলাই জরুরি সভা ডেকে ওই ছাত্রীকে অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগে সাইফুল ইসলামকে বরখাস্ত করে বিদ্যালয় পরিচালনা পর্ষদ।