জেএসসিতেও রুমকির চমক

রুমকির হাত-পা বাঁকা। বাঁ হাতে কলম ধরে ডান হাত দিয়ে ধাক্কা দিয়ে লেখে। এর মধ্যে পরীক্ষার সময় ছিল অসুস্থ। তারপরও রুমকি এবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় জিপিএ-৩.৭৫ পেয়েছে।
গতকাল বৃহস্পতিবার পরীক্ষার ফল প্রকাশের পর এ তথ্য জানা গেছে। ২০১৩ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় রুমকি তার বিদ্যালয়ের ২৯ জন পরীক্ষার্থীর মধ্যে একাই জিপিএ-৫ পেয়েছিল। এ নিয়ে ২০১৩ সালের ৩১ ডিসেম্বর প্রথম আলোতে ‘হাত-পা অচল রুমকির চমকে দেওয়া সাফল্য’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। তখন তার সাহায্যে অনেকেই এগিয়ে আসেন।
রুমকি বলে, পঞ্চম শ্রেণির পরীক্ষায় ফল ভালো হয়েছিল। জেএসসি পরীক্ষার সময় তার জ্বর ছিল। তারপরও আশা ছিল জিপিএ-৫ পাবে। তাই জেএসসি পরীক্ষার ফল নিয়ে তার মন খারাপ। তার ইচ্ছা পড়াশোনায় সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে ভালো শিক্ষক হওয়া।
রুমকি নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর এসি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। বাড়ি ঈশানগাতী গ্রামে। বাবা আবদুর রউফ মোল্লা স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। মা আবেদা সুলতানা গৃহিণী।
তার মা বলেন, জন্ম থেকেই রুমকি প্রতিবন্ধী। নিজে চলাফেরা করতে পারে না। খাওয়া, গোসলসহ সব কাজে অন্যের ওপর নির্ভরশীল। রুমকিকে কোলে করে বিদ্যালয়ে নিয়ে বেঞ্চে বসিয়ে দিয়ে আসতে হয়। তার কোনো হাত-পায়ে শক্তি নেই। জন্মের পর থেকে সেগুলো বাঁকা।
ছোটবেলায় রুমকি বাঁ হাতে কলম ধরে বাঁ পায়ের সহযোগিতায় লিখত। বড় হয়ে যাওয়ায় পায়ের সাহায্য নিতে পারে না। এখন বাঁ হাতে কলম ধরে, ডান হাত দিয়ে ধাক্কা দিয়ে লেখে। ছবিও আঁকতে পারে সে। মুখে কলম ধরে ছবি আঁকে।
রুমকির বাবা আবদুর রউফ মোল্লা বলেন, পড়াশোনা করতে রুমকিকে অনেক সময় দিতে হয়। তারপরও সে নিজের ইচ্ছাশক্তির জোরে এত দূর এসেছে।
কাশিপুর এসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন বলেন, দুর্বার ইচ্ছাশক্তি ও অধ্যবসায়ের কাছে শারীরিক প্রতিবন্ধকতা যে বাধা হতে পারে না, তা আবারও প্রমাণ করল রুমকি।