জেএসসির প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তিনজন আটক
কুড়িগ্রামে জেএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার অভিযোগে তিন ব্যক্তিকে আটক করা হয়েছে।
শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৭ নভেম্বর জেএসসি পরীক্ষা শুরু হয়। পরীক্ষার আগে ফেসবুকের মাধ্যমে ‘জেডিসি, জেএসসি, এসএসসি, এইচএসসি এক্সক্লুসিভ সাজেশন’ নামের একটি লিঙ্কে সাজেশন আকারে প্রশ্নপত্র পাওয়া যায়। পরে ‘সকল বোর্ডের প্রশ্নব্যাংক ও সাজেশন’ নামের অপর একটি লিঙ্ক ব্যবহার করা হয়।
শিক্ষার্থীরা জানায়, কথিত ওই ‘সাজেশন’ ইন্টারনেট থেকে ডাউনলোড করে প্রথমে কিছুসংখ্যক কোচিং সেন্টারের শিক্ষক তাঁদের শিক্ষার্থীদের হাতে দেন। প্রথম দিনের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় সেই ‘সাজেশন’ মিলে যাওয়ায় প্রশ্নপত্র ফাঁসের কথা সবার মুখে ছড়িয়ে পড়ে। গত বৃহস্পতিবার ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষার প্রশ্নও ফাঁস হওয়া প্রশ্নের সঙ্গে মিলে যায়।
এরপর গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ী বাজার থেকে হাসান কম্পিউটারের মালিক হাসান, তাঁর কর্মচারী দীলিপ এবং স্থানীয় একটি কোচিং সেন্টারের শিক্ষক বিশ্বজিৎকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে বিশ্বজিৎকে ছেড়ে দেওয়া হলেও অপর দুজনকে আটক রাখা হয়।
কাঁঠালবাড়ী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন জানান, এক সেট প্রশ্নের জন্য এক সহকর্মী তাঁর কাছে দুই হাজার টাকা চেয়েছিলেন। শিক্ষার্থীদের অভিযোগ, সদর উপজেলার টগরাইহাট উচ্চবিদ্যালয়ের কয়েকজন শিক্ষক, ছিনাই ইউনিয়নের দুজন ইংরেজি শিক্ষক এবং কুড়িগ্রাম শহরের কয়েকটি কোচিং সেন্টারের মালিকসহ প্রত্যন্ত এলাকার কয়েক শ যুবক এ ব্যবসার সঙ্গে জড়িত।
জানতে চাইলে গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, আটক ব্যক্তিদের কাছে কিছু সাজেশন পাওয়া গেছে। পরীক্ষায় প্রশ্নপত্রের সঙ্গে তা মিলে গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কুড়িগ্রামের জেলা প্রশাসক বলেন, ‘জেএসসি পরীক্ষা শুরুর পর প্রশ্ন ফাঁসের অভিযোগ পেয়ে কিছু প্রশ্নপত্র উদ্ধার করি। সেগুলো মিলে যাওয়ায় তা বোর্ড কর্তৃপক্ষকে জানিয়েছি। তবে এখনো এ ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি।’