জেএসসির ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের হাজী আব্দুল গণি মাধ্যমিক বিদ্যালয়ে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ টাকা আত্মসাৎ করছেন বলে কয়েকজন অভিভাবক অভিযোগ করেছেন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর ১৭৩ জন শিক্ষার্থী এ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষা দেবে। এর জন্য বোর্ড-নির্ধারিত ফি ধরা হয়েছে ২৩০ টাকা।
আকরাম উজ্জামান নামের এক অভিভাবক বলেন, ‘আমার ছেলে ওই বিদ্যালয় থেকে এবার জেএসসি পরীক্ষা দেবে। এ জন্য ফরম পূরণে প্রধান শিক্ষকের কাছে ৭৫০ টাকা দিতে হয়েছে।’
মাটিভাঙ্গা ইউনিয়নের নাজমা খানম নামের অপর এক অভিভাবক বলেন, ‘ছেলের জেএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য ৭৫০ টাকা দিতে হয়েছে।’
পাশের বড়ইবুনিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় মালাকার বলেন, বিদ্যালয় থেকে এ বছর ৩৭ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষার ফরম পূরণ করেছে। এর জন্য জনপ্রতি ৮০ টাকা বোর্ড ফি, ১৪০ টাকা কেন্দ্র ফি ও ৬০ টাকা বিবিধ খাতে নেওয়া হয়েছে।
হাজী আব্দুল গণি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার কুণ্ডু বলেন, বিদ্যালয় থেকে এবার ১৭৩ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নেবে। ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের কারণ জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে বলেন।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শাহ আলম ফরাজি বলেন, ৭৫০ টাকা নয়, জেএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য ৫০০ টাকা করে নেওয়া হয়েছে।
নাজিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক বলেন, জেএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।