জেএসসির ফরম পূরণে এক হাজার টাকা আদায়!
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হাজী আবদুল গফুর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বিদ্যালয় থেকে এবার ১২৩ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষা দেবে। ১৩ আগস্ট থেকে এ পরীক্ষার ফরম পূরণ শুরু হয়েছে। ২০ আগস্ট পর্যন্ত শিক্ষার্থীরা বিলম্ব ফি ছাড়া ফরম পূরণ করতে পারবে। ৩০ আগস্ট পর্যন্ত বিলম্ব ফি দিয়ে ফরম পূরণ করা যাবে। গতকাল বৃহস্পতিবার ১৫-১৬ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছে।
শিক্ষার্থী ও অভিভাবকেরা তদন্ত করে অতিরিক্ত অর্থ আদায়ে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান অভিভাবকেরা।
শ্রীমঙ্গল সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরতি দেব বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কেন্দ্র ফি ১৪০ টাকা ও পরীক্ষার ফি ৮০ টাকাসহ জেএসসি পরীক্ষার ফরম পূরণে মোট ২২০ টাকা নেওয়ার কথা। কোনোভাবেই এর চেয়ে বেশি টাকা নেওয়ার নিয়ম নেই। হাজী আবদুল গফুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেঞ্চদ বলেন, ছাত্রছাত্রীদের কাছ থেকে কেন্দ্র ও পরীক্ষার ফি বাবদ ৩০০, মডেল টেস্ট ১০০ ও কোচিং ফি বাবদ ৬০০ টাকা নেওয়া হচ্ছে।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মজিদ বলেন, অতিরিক্ত টাকা আদায়ের কোনো নিয়ম নেই। খোঁজ নিয়ে এ ব্যাপারো ব্যবস্থা নেওয়া হবে।