জেএসসির ফলাফলে ছাত্রীরা এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফলে রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে ছাত্রীরা এগিয়ে রয়েছে। এবার ছাত্রীদের পাসের হার ৯৭ দশমিক ৫৭ শতাংশ আর ছাত্রদের ৯৭ দশমিক ৩৫ শতাংশ।
এবার মোট জিপিএ-৫ পেয়েছে ৩৫ হাজার ৮৩ জন শিক্ষার্থী। তার মধ্যে ছাত্রীর সংখ্যা ১৮ হাজার ৭৮১ ও ছাত্রের সংখ্যা ১৬ হাজার ৩৬৫।
রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এবার ২ হাজার ৯৪৬টি বিদ্যালয় থেকে মোট ২ লাখ ২৩ হাজার ৭৫৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। পাস করেছে ১ লাখ ১৮ হাজার ৮৪ জন শিক্ষার্থী। এবার পরীক্ষায় অংশগ্রহণকারী বিদ্যালয়ের সংখ্যা বেড়েছে ৫৫টি। ১ হাজার ৪১৫টি বিদ্যালয় থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। কেউ পাস করেনি এমন বিদ্যালয় রয়েছে দুটি।
ছাত্রীদের ভালো ফলাফলের ব্যাপারে রাজশাহীর সরকারি বালিকা বিদ্যালয়ের (হেলেনাবাদ) প্রধান শিক্ষক তৌহিদ আরা বলেন, ছাত্রীরা শৃঙ্খলা মেনে চলে বেশি। শ্রেণিকক্ষে তাদের উপস্থিতিও ভালো থাকে। এসব কারণেই ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে আছে।
রাজশাহী নগরের লক্ষ্মীপুর এলাকার নাজমা বেগমের মেয়ে এবার জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। তিনি বলেন, ‘মেয়েরা ছেলেদের চেয়ে একটু বাধ্য হয়। পড়াশোনায় বেশি মনোযোগী হয়। তাঁর মতে, এসব কারণেই ওরা এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল কালাম আজাদ বলেন, মেয়েদের শিক্ষায় এগিয়ে নেওয়ার জন্য সরকারের উদ্যোগ রয়েছে। তাদের উপবৃত্তি দেওয়া, বাল্যবিবাহ বন্ধ করা ইত্যাদি পদেক্ষপ নেওয়ার কারণে মেয়েদের সাফল্যের পাল্লা ভারী হচ্ছে।