জেএসসির ফলাফলে সেরা ২০-এর তালিকায় গরমিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বোর্ডের জেএসসির ফলাফলে সেরা ২০ বিদ্যালয়ের তালিকায় গরমিলের অভিযোগ পাওয়া গেছে। এতে ক্রমবিন্যাসে এগিয়ে আসবে একটি বিদ্যালয় এবং নতুন করে যুক্ত হবে অপর দুটি বিদ্যালয়ের নাম। বোর্ডের কম্পিউটার শাখার জ্যেষ্ঠ কারিগরি বিশ্লেষকের (সিনিয়র সিস্টেম এনালিস্ট) ভুলের কারণেই এ ধরনের গরমিল হয়েছে বলে বোর্ড সূত্রে জানা গেছে।গত বছরের জুন মাসে এসএসসি পরীক্ষার নম্বর ফর্দে কোনো বিভাগ উল্লেখ না থাকার অভিযোগেও জ্যেষ্ঠ কারিগরি বিশ্লেষক কিবরিয়া মাসুদ খানকে কারণ দর্শাতে বলা হয়েছিল। তালিকায় নামের গরমিলের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে অভিযোগ করেছেন। এ পরিপ্রেক্ষিতে বোর্ড কর্তৃপক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে বোর্ডের কলেজ পরিদর্শক সুমন বড়ুয়াকে। অপর দুই সদস্য হলেন উপসচিব মাহবুব হাসান ও উপপরীক্ষা নিয়ন্ত্রক ইলিয়াছ উদ্দিন আহমেদ। চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত তিনটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পরই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’ তদন্ত কমিটির আহ্বায়ক সুমন বড়ুয়া বলেন, ‘আমাদেরকে তদন্তের জন্য তিন কর্মদিবস সময় দেওয়া হয়েছে। আমরা সাত কর্মদিবস চেয়েছি। এ সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেব।’ অভিযোগে জানা যায়, বোর্ডের সেরা ২০ বিদ্যালয়ের তালিকায় নগরের নাসিরাবাদ সরকারি বিদ্যালয় এবং নৌবাহিনী স্কুল ও কলেজের কোনো নামই উল্লেখ নেই। কিন্তু নিজেদের ফলাফল ও সেরা ২০ তালিকা পরিমাপক বিষয়গুলো বিশ্লেষণ করে দুই বিদ্যালয় কর্তৃপক্ষই এতে তাদের অবস্থান থাকার বিষয়ে জোর দেয়। অপর দিকে, তালিকার নবম স্থানে থাকা বাংলাদেশ মহিলা সমিতি (বাওয়া) বালিকা উচ্চবিদ্যালয় হিসাব অনুযায়ী চতুর্থ স্থান দাবি করছে।নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত দাশ বলেন, ‘আমরা বোর্ডের সেরা ২০ তালিকা দেখে অবাক হয়েছি। কারণ, আমাদের ২৪৯ জন ছাত্রের মধ্যে ২৪৭ জনই জিপিএ-৫ পেয়েছে এবং পাসের হারের দিক দিয়েও আমরা এগিয়ে আছি। আমরা বিষয়টি মৌখিকভাবে পরীক্ষা নিয়ন্ত্রককে জানানোর পরে তিনি ভুলের কারণ অনুসন্ধানের আশ্বাস দিয়েছেন।’এ ব্যাপারে জ্যেষ্ঠ কারিগরি বিশ্লেষক কিবরিয়া মাসুদ খান সেরা ২০ তালিকায় দু-একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নামে ভুলভ্রান্তির বিষয়টি নিশ্চিত করেন। কিন্তু এর কারণ সম্পর্কে তিনি কিছুই জানাতে চাননি। তিনি এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে যোগাযোগ করতে বলেন।