জেএসসির মডেল টেস্টের প্রশ্নপত্র ফাঁস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটায় জেএসসি (জুনিয়র স্কুল সার্টিফিকেট) পরীক্ষার মডেল টেস্টের প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এ নিয়ে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শামীম হাসান, তাঁর শ্যালক ইসমাইল হোসেন ও স্থানীয় সপ্তগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র নাইমুল ইসলামের বিরুদ্ধে পাথরঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। উপজেলার কাঁঠালতলী সপ্তগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম শুক্রবার রাতে জিডিটি করেন। শিক্ষক সমিতির নেতা শামীম হাসান পাথরঘাটা উপজেলা জামায়াতের সেক্রেটারি। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কুমার দে গতকাল রোববার বলেন, ‘পুলিশের জিজ্ঞাসাবাদে ইসমাইল ও শিক্ষার্থী নাইমুল ইংরেজি প্রথম ও দ্বিতীয়পত্রের প্রশ্নপত্র ফাঁস করার কথা স্বীকার করছে। তবে এটা পাবলিক পরীক্ষা নয় বিধায় তাদের বিরুদ্ধে সরাসরি মামলা করা যায়নি।’শামীম হাসান বলেন, ‘আমি প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত নই। আমি ষড়যন্ত্রের শিকার।’কাঁঠালতলী সপ্তগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম জানান, গত ২৯ সেপ্টেম্বর পাথরঘাটার ২৭টি মাধ্যমিক বিদ্যালয়ে অভিন্ন প্রশ্নপত্র দিয়ে জেএসসির মডেল টেস্ট পরীক্ষা শুরু হয়। গত শুক্রবার দুপুরে কয়েকজন ছাত্রের কাছে তিনি জানতে পারেন, ওই পরীক্ষার ইংরেজি দ্বিতীয়পত্রের প্রশ্নপত্র ইসমাইল হোসেন নামের একজন বেসরকারি প্রাথমিক শিক্ষক বিভিন্ন বিদ্যালয়ের পরীক্ষার্থীদের কাছে বিক্রি করছেন। পরে তাঁর বিদ্যালয়ের পরীক্ষার্থী নাইমুলকে জিজ্ঞাসাবাদ করলে সে এ ঘটনা স্বীকার করে। নাইমুল ইংরেজি দ্বিতীয়পত্রের ফাঁস হওয়া প্রশ্নপত্র তাঁকে (প্রধান শিক্ষক) দেখালে তিনি পরীক্ষার প্রশ্নের সঙ্গে হুবহু মিল পান। নাইমুল স্বীকার করে, সে উত্তর কাঁঠালতলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইসমাইল হোসেনের কাছ থেকে ইংরেজি প্রথম ও দ্বিতীয়পত্রের প্রশ্নপত্র কিনেছে। প্রধান শিক্ষক নজরুল ইসলাম জানান, এসব প্রশ্নপত্র সংরক্ষণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শামীম হাসান। তাঁর আশঙ্কা, গণিতসহ অন্যান্য প্রশ্নপত্রও ফাঁস করা হয়েছে। জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় প্রশ্নপত্র ফাঁস হওয়ার বিষয়টি ধরা পড়ার পর গত শনিবার উপজেলার ২৬টি মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা ওই প্রশ্নপত্র দিয়েই অনুষ্ঠিত হয়। শুধু কাঁঠালতলী সপ্তগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে নতুন প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষা নেওয়া হয়।পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে মাধ্যমিক শিক্ষক সমিতি বরিশাল বিভাগের পাঁচ জেলায় অভিন্ন প্রশ্নপত্রে জেএসসির মডেল টেস্টের আয়োজন করেছে।