জেএসসির ৫১টি উত্তরপত্রের শিট হারিয়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয় জেএসসি কেন্দ্র থেকে সাধারণ গণিত বিষয়ের ৫১টি উত্তরপত্রের ওএমআর শিট গতকাল রোববার হারিয়ে গেছে। এতে উত্তরপত্রগুলো মূল্যায়ন অনিশ্চিত হয়ে পড়বে বলে পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।
ঘটনাটি জানাজানি হওয়ায় পরীক্ষার্থীদের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় গতকাল রাতে ওই বিদ্যালয়ের কেন্দ্রসচিব হেলাল হোসেন থানায় একটি জিডি করেছেন।
জিডি সূত্রে জানা গেছে, ওই কেন্দ্রের ১০৪ নম্বর কক্ষে ওই বিষয়ের পরীক্ষা গ্রহণ করার পর কক্ষ পরিদর্শক অহিদুল হক ও জগন্নাথ চন্দ্র রায় ৫১টি উত্তরপত্রের ওএমআর শিট (প্রথম অংশ) জমা দিতে ব্যর্থ হন। অনেক খোঁজাখুঁজি করেও তা আর পাওয়া যায়নি। ডায়েরিতে উল্লেখ করা হয়েছে, ৪২৫৬৫১-৪২৫৭৭৬-এর মধ্যে ২৬টি, ৪২৬৩৭৭-৪২৬৩৮২-এর মধ্যে ছয়টি এবং ৪২৬৩৮৪-৪২৬৪০২-এর মধ্যে ১৯টি রোল নম্বরের উত্তরপত্রের ওএমআর শিট হারিয়ে গেছে।
জেএসসি পরীক্ষার দুজন কেন্দ্রসচিব জানান, উত্তরপত্রের ওএমআর শিটের তিনটি অংশ থাকে। প্রথম অংশে পরীক্ষার্থীদের রোল ও নিবন্ধন নম্বর থাকে। অন্য দুই অংশে তা থাকে না। তবে তিন অংশেই একটি সিরিয়াল নম্বর থাকে। পরীক্ষা গ্রহণ করার পর উত্তরপত্র থেকে ওএমআরের প্রথম অংশ আলাদা করে পাঠানো হয় রাজশাহী শিক্ষা বোর্ডে। ওই অংশ ছাড়া পরীক্ষার্থীর উত্তরপত্র চিহ্নিত করা সম্ভব নয়। এ কারণে ৫১ জন পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে।
বদরগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জিডির সত্যতা নিশ্চিত করেছেন।