জেএসসি-তে নকল সরবরাহের দায়ে ৬ জনের কারাদণ্ড
ফরিদপুরের নগরকান্দায় জেএসসি পরীক্ষায় নকল সরবরাহ করার দায়ে ছয়জনকে কারাদণ্ডসহ আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে দুজনকে ছয় সপ্তাহ করে বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করা হয়। বাকি চারজনকে চার সপ্তাহ করে বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ শ টাকা করে জরিমানা করা হয়।
নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল আজিজ নিজ কার্যালয়ে আজ বুধবার দুপুরে ও গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন নগরকান্দা উপজেলার চর যশোরদী ইউনিয়নের দহিসারা গ্রামের মারুফ হোসেন ও একই ইউনিয়নের চাঁদহাট গ্রামের তরিকুল ইসলাম, পুরাপাড়া ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী পলাশ চন্দ্র বিশ্বাস, লস্করদিয়া ইউনিয়নের মাঝিকান্দা গ্রামের শাহিন মিয়া, ডাঙ্গি ইউনিয়নের মশাউজান গ্রামের রফিকুল ইসলাম ও নগরকান্দা পৌরসভার মধ্য জগদিয়া মহল্লা মিলন হোসেন। এদের মদ্যে প্রথম দুজনকে আজ ও বাকি চারজনকে গতকাল এ দণ্ড দেওয়া হয়।
নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) সুকান্ত বিশ্বাস জানান, গতকাল মঙ্গলবার উপজেলার এমএন একাডেমি কেন্দ্রে জেএসসি পরীক্ষা চলাকালে নকল সরবরাহ করার সময় চারজনকে ও আজ বুধবার নগরকান্দা কলেজ কেন্দ্র থেকে একই অভিযোগে দুজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।
ইউএনও আব্দুল আজিজ বলেন, ১৯৮০ সালের পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইনে দোষী সাব্যস্ত করে ওই ছয় ব্যক্তিকে কারাদণ্ডসহ আর্থিক জরিমানা করা হয়।