জেগে ওঠার বার্তা দিল খাদির ফ্যাশন শো

শীতলপাটি। গ্রামীণ জনগোষ্ঠীর হাতে তৈরি এই পাটির নকশাতেও আছে স্বকীয়তা। সেই নকশা মিশে গেল খাদি পোশাকে। কাঠের আসবাবে থাকা কারুকাজ দিয়েও যে পোশাকের নকশা করা যায়, দেখা গেল সেটাও। খাদির সঙ্গে জড়িয়ে আছে বাঙালির দেশপ্রেমের ইতিহাস। একসময়ের তুমুল জনপ্রিয় খাদি প্রায় হারিয়ে যেতে বসেছিল। তবে আশার খবর, খাদি আবার ফিরে পাচ্ছে প্রাণ।
ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশ (এফডিসিবি) আয়োজিত ‘ট্রেসেমে খাদি, দ্য ফিউচার ফেব্রিক শো ২০১৭’ নামের ফ্যাশন শোতে ডিজাইনাররা দুই দিন ধরে সেই বার্তাই দিলেন।
রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের রাজদর্শন মিলনায়তনে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হলো খাদির জমজমাট এই ফ্যাশন শো। গতকাল শনিবার ছিল শেষ দিনের আয়োজন।
মিলনায়তনের বাইরের অংশ সাজানো হয় নানা ধরনের ফুল ও ফ্রেম দিয়ে। ভেতরে রাখা হয় খাদি তৈরির তাঁত। দর্শকেরা ঘুরে ঘুরে দেখেন আয়োজনের সবকিছু। বড় পর্দায় দেখানো হয় খাদি নিয়ে তৈরি বিশেষ প্রামাণ্যচিত্র। সন্ধ্যা সাতটার পর মূল অনুষ্ঠান শুরু হয় খাদিকে ভিত্তি করে নৃত্যনাট্য দিয়ে, যা কয়েকটি পর্বে ফ্যাশন শোর মাঝখানে তুলে ধরা হয়। অনুষ্ঠানে স্বাগত জানান এফডিসিবির সভাপতি মাহিন খান। সংগঠনটির সাধারণ সম্পাদক শৈবাল সাহা বলেন, ‘আপনাদের সাড়া আমাদের অনুপ্রাণিত করছে প্রতিবছর। আগামীতে আরও বড় পরিসরে এই আয়োজন করতে চাই আমরা।’ এবারের উৎসবে তাঁতশিল্পী আসলাম খানকে সম্মাননা জানায় এফডিসিবি।
দেশি-বিদেশি ১৩ ডিজাইনারের তৈরি করা খাদির পোশাক পরে গতকাল পোশাকে ফ্যাশন মঞ্চ মাতিয়েছেন মডেলরা। ডিজাইনাররা খাদি কাপড়ের নকশা ও কাটে দেশি ধারার সঙ্গে মিশিয়েছেন পশ্চিমা ধারা। ফিউশন হিসেবে শাড়ি, লেহেঙ্গা, পাঞ্জাবি, শার্ট, কটি, প্যান্ট, পালাজ্জো, গাউন, আনারকলি—কী তৈরি হয়নি খাদিতে! মোটা খাদিকে পাতলাও করা হয়েছে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে।
গতকাল ফ্যাশন শোর প্রথম কিউতে ডিজাইনার লিপি খন্দকার মোটিফ হিসেবে বেছে নিয়েছিলেন রিকশার হুডের নকশা। ডিজাইনার চন্দনা দেওয়ান বেছে নেন রিকশাচিত্র, রিফাত রেজা রাকা করেছেন ক্যালিগ্রাফি নকশা, কুহু প্লামন্দন দেখিয়েছেন পুরোনো সোনার গয়নার মোটিফ, বিপ্লব সাহা, মারিয়া সুলতানা খাদিতে তুলে ধরেন পানাম নগরের লোহার গ্রিলের নকশা, ইজমাত নাজ দেখান কাঠের নকশা, পোশাকে পটচিত্র বেছে নেন তেনজিং চাকমা, রুপো শামস করেছেন পাখার নকশা আর মাহিন খানের ডিজাইনে এসেছে শীতলপাটির নকশা।
শ্রীলঙ্কার নিলান হারাসগামা, ভারতের হিমাংশু সোনি ও থাইল্যান্ডের মায়ে টিটা নিজেদের দেশের ঐতিহ্যবাহী নকশার পোশাক দেখান ফ্যাশন শোতে।
দুই দিনের ফ্যাশন শোতে মডেলদের সাজানোর দায়িত্বে ছিলেন ফারজানা শাকিল। কোরিওগ্রাফ করেন ইমু হাশমি। এবারের আয়োজনে ২৬ জন ডিজাইনারের পোশাক দেখানো হয় মঞ্চে। এই পোশাকগুলো নিয়ে ১০ ও ১১ নভেম্বর গুলশান ২ নম্বরের খাজানা গার্ডেনিয়া রেস্তোরাঁয় হবে প্রদর্শনী, যা সব ক্রেতার জন্য থাকবে উন্মুক্ত।
খাদি উৎসবের টাইটেল স্পন্সর ইউনিলিভারের হেয়ার কেয়ার ব্র্যান্ড ট্রেসেমে। সহযোগিতা করছে সংস্কৃতি মন্ত্রণালয়, বেঙ্গল গ্রুপ লিমিটেড, মাইক্রোসফট, সেনোরা, বার্জার, আইপিএবি, দ্রুক এয়ার ও দ্য ওয়ে ঢাকা।