জেটি উদ্বোধন হলেও চলছে না জাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিনের দাবির পর চট্টগ্রাম ও সন্দ্বীপের কুমিরা-গুপ্তছড়া নৌপথের দুই প্রান্তের ঘাটে নির্মিত হয়েছে যাত্রী পারাপারের জেটি। গত ২৭ ডিসেম্বর কুমিরা জেটির উদ্বোধনও করেছেন নৌমন্ত্রী শাজাহান খান। প্রায় ২৮ কোটি টাকায় এই নৌপথের দুই প্রান্তে জেটি নির্মাণ করা হলেও চলছে না জাহাজ। জেটি উদ্বোধনের পর উভয় পাড়ের ঘাটে গিয়ে দেখা যায়, কাঠের ট্রলারে ঝুঁকি নিয়ে যাত্রীরা সন্দ্বীপ চ্যানেল পার হচ্ছে। কুমিরা ঘাট থেকে সন্দ্বীপ যাওয়ার পথে কামরুল হাসান নামের এক যাত্রী বলেন, এ পথে জাহাজ না থাকায় কাঠের ট্রলারে করে প্রায় ১৬ কিলোমিটার লম্বা সন্দ্বীপ চ্যানেল পাড়ি দিতে হচ্ছে। বর্ষায় এই পথে পাড়ি দিলে মনে হয়, এক্ষুনি বুঝি উত্তাল ঢেউয়ে ডুবে যাবে এসব ছোট নৌযান। কুমিরা ও গুপ্তছাড় ঘাটে দেখা যায়, দিনে দুটি করে ট্রলার দুইবার আসা-যাওয়া করছে এ পথে। জেলা পরিষদের ইজারা নিয়ে একটি প্রতিষ্ঠান এই ঘাটে যাত্রী ও মালামাল পারাপার করছে। ইজারা দিলেও যাত্রীদের ওঠানো-নামানোর জন্য কোনো অবকাঠামো নির্মাণ করেনি জেলা পরিষদ।তবে জেলা পরিষদ না করলেও অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ যাত্রীদের সুবিধার জন্য সীতাকুণ্ড উপজেলার কুমিরাঘাটে এবং সন্দ্বীপের গুপ্তছড়ায় জেটি নির্মাণ করেছে। দুই পাশে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ জেটিতে যাত্রী ওঠানো-নামানোর সিঁড়িও রয়েছে। জেটি নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান এস এস রহমান ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রকিবুল আলম বলেন, কুমিরা জেটির পাশাপাশি গুপ্তছড়া জেটিও নির্মাণ শেষ হয়েছে। কাজ শেষে সেটি কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেওয়াও হয়েছে। জেটির কাজ শেষ হওয়ার পর এখন নতুন করে বিপদে পড়েছে বিআইডব্লিউটিসি। কারণ সংস্থাটি এই নৌপথে জাহাজ চালানোর উদ্যোগ নিলে তাতে বাধা দেয় জেলা পরিষদ। জেলা পরিষদের দাবি, কুমিরা ঘাটে যেখানে জেটি নির্মাণ করা হয়েছে, সেই জায়গাটি তাদের মালিকানাধীন। চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম বলেন, ‘জায়গাটি জেলা পরিষদের। শুরুতে আমাদের বাধার পরও সেখানে ল্যান্ডিং স্টেশন নির্মাণ করা হয়েছে। এটি উদ্বোধনের সময়ও আমি নৌমন্ত্রীকে বলেছি, আগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বসে বিষয়টির সুরাহা হোক। এরপর উদ্বোধন করুন।’ বিষয়টি নিয়ে একাধিক মামলা চলছে বলে তিনি জানান।সন্দ্বীপবাসীর অধিকার আদায়ের সংগঠন সন্দ্বীপ অধিকার সংরক্ষণ কমিটিও সে জন্য ছয় বছর ধরে সরকারকে চাপ দিয়ে এই পথে জেটি নির্মাণে ভূমিকা রেখেছে। কমিটির সভাপতি জসিম উদ্দিন বলেন, আমরা চেয়েছিলাম, জেটি নির্মাণের পর এখানে জাহাজ চলবে। যাত্রীদের ঝুঁকিও কমবে। এখন জেলা পরিষদের উচিত, যাত্রীদের নিরাপত্তাকে প্রাধান্য দেওয়া।অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার মহাব্যবস্থাপক মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ‘জেলা পরিষদের এক মামলায় আদালতের রায় পেয়ে সম্প্রতি যাত্রী পারাপারের জন্য জাহাজও পাঠানো হয়েছিল এই নৌপথে। কিন্তু জেলা পরিষদ উচ্চ আদালতে আপিল করলে এই ঘাটে সংস্থার জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা প্রদান করেন আদালত। এ কারণে আমরা ফিরে আসি।’ সংস্থা সূত্রে জানা গেছে, এই নৌপথে চলাচলের উদ্দেশ্যে ৫০০ আসন ধারণক্ষমতার একটি জাহাজও নির্মাণ করা হচ্ছে। এই নৌপথের জন্য বর্তমানে একটি জাহাজ এবং দুটি সি-ট্রাকও প্রস্তুত আছে।