কক্সবাজারের টেকনাফের নাফ নদীর তীরে (টেকনাফ-মিয়ানমার ট্রানজিট ঘাটে) যাত্রী পারাপারের একটি জেটি নির্মাণ নিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও স্থলবন্দর কর্তৃপক্ষের মধ্যে রশি টানাটানি চলছে।টেকনাফ পৌরসভার মেয়র মো. ইসলাম বলেন, মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের প্রসার, চোরাচালান প্রতিরোধ, রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ, নাফ নদীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল এবং পর্যটকদের টেকনাফ থেকে জাহাজে উঠে সেন্ট মার্টিন দ্বীপে যাতায়াতে এই জেটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, রশি টানাটানির কারণে জেটি নির্মাণের বিপরীতে বরাদ্দ করা টাকা ফেরত গেলে ক্ষতি হবে টেকনাফবাসীর।স্থানীয় লোকজন বলেন, ১৯৮০ সালে টেকনাফ সদর ইউনিয়নের জালিয়াপাড়ায় (নাফ নদীর তীরে) একটি কাঠের সাঁকো তৈরি করে বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট চালু করা হয়। প্রতিদিন এই ঘাট দিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের অন্তত পাঁচ শতাধিক যাত্রী এপার-ওপার ভ্রমণ করে। তা ছাড়া এই ঘাট দিয়ে বিজিবি, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নাফ নদীতে নেমে চোরাচালানবিরোধী অভিযান চালাতে হয়।স্থানীয় সাংসদ (কক্সবাজার-৪) আবদুর রহমান বলেন, জনগণের দাবির পরিপ্রেক্ষিতে এই ঘাটে ১৯ কোটি টাকা দিয়ে জেটি নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। কিন্তু স্থলবন্দর কর্তৃপক্ষ জেটি নির্মাণের ব্যাপারে আপত্তি করছে।৫ মে এলজিইডির প্রধান প্রকৌশলী মো. ওয়াহিদুর রহমান বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবর লিখিতভাবে জানান, নাফ নদীর খায়ুকখালী ঘাটে নির্মিতব্য জেটি থেকে স্থলবন্দরের দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। তা ছাড়া যাত্রী পারাপারে এখানে সরকারি কোনো জেটি নেই। এ কারণে হাজার হাজার পর্যটককে দুর্ভোগের শিকার হতে হচ্ছে। এই জেটি টেকনাফ স্থলবন্দরের কোনো ক্ষতি করবে না।এলজিইডির কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. আলমগীর বলেন, ৫৫০ মিটার লম্বা জেটি নির্মাণের জন্য ইতিমধ্যে ১৮ কোটি ৮০ লাখ টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। এখন ঠিকাদার নিয়োগের কাজ চলছে।টেকনাফ স্থলবন্দর পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ডপোর্ট লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আবদুল নূর খালেদ বলেন, ‘স্থলবন্দর কর্তৃপক্ষের সঙ্গে বিআইডব্লিউটিএর চুক্তি অনুযায়ী এই বন্দর দিয়ে যাত্রী পারাপারের নিয়ম রয়েছে। এ জন্য বন্দরের ভেতরে তিন কোটি টাকা ব্যয়ে জেটি তৈরি করা হয়েছে। এখন আরেকটি জেটি তৈরি হলে আমাদের ক্ষতি হবে। তাই জেটি নির্মাণের বিরুদ্ধে আমরা স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবর অভিযোগ করেছি।’ তিনি আরও বলেন, জেটি না করার জন্য স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এলজিইডির প্রধান প্রকৌশলীকে চিঠি দিয়েছেন।