জেটি ভেঙে শতাধিক পর্যটক নাফ নদীতে, আহত ৩১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার দমদমিয়া এলাকায় জেটি ভেঙে ৩১ জন পর্যটক আহত হয়েছে। তাদের মধ্যে ১২ জন নারী ও শিশু। অতিরিক্ত ভিড়ের চাপে গত বুধবার সকাল নয়টার দিকে কাঠের জেটিটি ভেঙে যায়। এ সময় জাহাজে ওঠার জন্য অপেক্ষারত শতাধিক পর্যটক নদীতে পড়ে যায়। আহত ব্যক্তিদের মধ্যে টেকনাফ উপজেলা সহকারী কমিশনারও (ভূমি) রয়েছেন। স্থানীয় লোকজন পানিতে ঝাঁপ দিয়ে পর্যটকদের উদ্ধার না করলে প্রাণহানির ঘটনা ঘটতে পারত বলে প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানিয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তি সূত্রে জানা গেছে, সেন্ট মার্টিন যাওয়ার জন্য গত বুধবার কয়েক শ পর্যটক দমদমিয়া জেটি ঘাঁটে অপেক্ষা করছিল। তারা সবাই ঈগল-১ জাহাজের টিকিট কেটেছিল। অথচ জাহাজটির যাত্রী ধারণক্ষমতা ৩২০। সকাল নয়টার দিকে কর্তৃপক্ষ টিকিট দেখে দেখে ছয় শতাধিক পর্যটককে জাহাজে তোলে। আরও চার শ পর্যটক এ সময় জাহাজে ওঠার জন্য কাঠের জেটিতে অপেক্ষারত ছিল। একপর্যায়ে ধারণক্ষমতার বেশি যাত্রী তোলায় পর্যটকেরা হইচই করতে থাকে।খবর পেয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও টেকনাফ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) খোকন কান্তি সাহা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশেম ঘটনাস্থলে ছুটে যান। তাঁরা জেটির মাথায় দাঁড়িয়ে জাহাজ থেকে অতিরিক্ত যাত্রী নামানোর চেষ্টা করছিলেন। একপর্যায়ে শতাধিক পর্যটক নিয়ে ১০ ফুট উঁচু জেটির একটি অংশ নাফ নদীতে ধসে পড়ে। তখন বিচ্ছিন্ন জেটির অপর অংশে দাঁড়িয়ে থাকা দুই শতাধিক পর্যটকের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অনেকে ভয়ে কান্নাকাটি করতে থাকে। পানিতে পড়া যাওয়া পর্যটকদের কেউ কেউ সাঁতার কেটে কূলে উঠতে সক্ষম হলেও অনেকে নদীর লোনাপানি খেয়ে অসুস্থ হয়ে পড়ে। এ সময় স্থানীয় লোকজন পানিতে ঝাঁপিয়ে পড়ে নারী ও শিশুদের উদ্ধার করেন। আহত ৩১ জন পর্যটকের মধ্যে ১৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) খোকন কান্তি সাহাও ছিলেন। চিকিৎ সা শেষে ১২ জন পর্যটককে রাতে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। খোকন কান্তি সাহাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। চিকিৎ সকেরা জানিয়েছেন, তাঁর একটি পা ভেঙে গেছে। ইউএনও আ ন ম নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নদে জোয়ারের পানি ছিল বলে পর্যটকেরা রক্ষা পেয়েছে। ভাটার সময় হলে অনেকের শরীর ক্ষতবিক্ষত হয়ে যেত। কারণ নদীর তলদেশে কাদামাটির সঙ্গে ধারাল ছুরির মতো খাড়াভাবে দাঁড়িয়ে আছে প্যারাবনের হাজার হাজার শ্বাসমূল। ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন করায় ঈগল-১ জাহাজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওই জাহাজের অব্যবস্থাপনা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ পাঠানো হচ্ছে। টেকনাফ থানার ওসি আবুল হাশেম জানান, বিপুলসংখ্যক পর্যটকের আগমনকে কাজে লাগিয়ে জাহাজের কর্তৃপক্ষ ধারণক্ষমতার বেশি যাত্রী পরিবহন করছে। নির্ধারিত মূল্য ৪৫০ টাকার চেয়েও বেশি টাকা তারা হাতিয়ে নিচ্ছে। এক প্রশ্নের জবাবে ইউএনও জানান, যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে বলে জাহাজের কর্তৃপক্ষ তাঁর কাছে লিখিত অঙ্গীকার করেছে। যেখান থেকে পর্যটকেরা টিকিট কিনেছেন, সেখান থেকে টিকিট দেখিয়ে তাঁরা টাকা নিতে পারবেন। টাকা না দিলে ব্যবস্থা নেওয়া হবে।