ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা একটি জাহাজ গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম বন্দর এলাকার একটি জেটিতে আছড়ে পড়ে। পরে জাহাজটি পাশের জেটিতে নোঙর করে রাখা আরেকটি জাহাজকে ধাক্কা দেয়। এতে দ্বিতীয় জাহাজটিও নিয়ন্ত্রণ হারিয়ে রশি ও নোঙর ছিঁড়ে বন্দর চ্যানেলে চলে আসে। দুর্ঘটনার পর ঝুঁকি এড়াতে সকাল সাড়ে ৬টা থেকে ১০টা পর্যন্ত বন্দর চ্যানেল জাহাজ চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়।
ওই সময় বন্দর জেটিতে ভিড়তে পারেনি পণ্যবাহী চারটি জাহাজ। এ ছাড়া রপ্তানি পণ্যবাহী একটি জাহাজ বন্দর জেটি ছেড়ে যেতে পারেনি। নির্ধারিত সময়ে পণ্যবাহী কোনো জাহাজ জেটিতে ভিড়তে না পারলে আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা থাকে আমদানিকারকদের।
চট্টগ্রাম বন্দরের কর্মকর্তারা বলেন, এমভি সামির নামের সিমেন্ট ক্লিংকারবাহী একটি জাহাজ বহির্নোঙর থেকে জেটিতে আসার পথে গতকাল সকাল সাড়ে ছয়টায় বন্দর চ্যানেলে দুর্ঘটনার মুখে পড়ে। প্রায় ১৯০ মিটার লম্বা জাহাজটি কর্ণফুলী নদীর গুপ্তবাঁক পেরিয়ে তখন বন্দর জেটির দিকে অগ্রসর হচ্ছিল। এ সময় বন্দরের ‘ভিটিএমআইএস সেন্টার’ (বন্দরের নিয়ন্ত্রণকক্ষ) থেকে মূল চ্যানেল বরাবর জাহাজ চালানোর বার্তা পাঠানো হয়। বার্তা পেয়ে জাহাজটি মূল চ্যানেলের দিকে আসার সময় ঘন কুয়াশার মধ্যে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
বন্দরের কর্মকর্তারা বলেন, নিয়ন্ত্রণ হারানোর পর এমভি সামির প্রথমে কর্ণফুলী নদীর ডান তীরে খাদ্য বিভাগের একটি জেটিতে (সাগর থেকে বন্দর জেটিতে যাওয়ার আগে পড়ে) আঘাত হানে। এরপর পাশের সিমেন্ট ক্লিংকার জেটিতে নোঙর করে রাখা এমভি গাজী নামের আরেকটি পণ্যবাহী জাহাজের অগ্রভাগে (বাও) ধাক্কা দেয়। ধাক্কার পর রশি ও নোঙর ছিঁড়ে এমভি গাজীও নিয়ন্ত্রণ হারিয়ে উজানের দিকে যাওয়ার সময় নদীতীরে নির্মাণাধীন একটি স্থাপনায় ধাক্কা খায়। এরপর এমভি গাজী বন্দর চ্যানেলের দিকে সরে আসে।
বন্দর পর্ষদ সদস্য জাফর আলম গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার তিন ঘণ্টার মধ্যে বন্দর চ্যানেল নিরাপদ করে জাহাজ চলাচল শুরু করা হয়।
জেটিতে ভিড়তে না পারা চারটি জাহাজের মধ্যে তিনটি কনটেইনারবাহী জাহাজ। এর মধ্যে এমভি শান্তা ফিওরেনজা জাহাজের স্থানীয় প্রতিনিধি এসএইচআর গ্রুপের নির্বাহী পরিচালক গোলাম মইনুদ্দিন গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, নির্ধারিত সময়ে জেটিতে ভিড়তে না পারায় বন্দর ছেড়ে যেতে এখন জাহাজটির এক দিন বেশি সময় লাগবে। ফলে চট্টগ্রাম বন্দর থেকে রপ্তানি পণ্য নিয়ে কলম্বো বা সিঙ্গাপুর বন্দরে পৌঁছাতে জাহাজটির এক দিন বাড়তি সময় লাগবে। এতে রপ্তানি পণ্য বিদেশি ক্রেতার কাছে সময়মতো পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা দেখা দেবে।
বন্দরের কর্মকর্তারা বলেন, এ দুর্ঘটনা বন্দরের জন্য বড় ধরনের বিপদ বয়ে আনতে পারত। কারণ, বহির্নোঙর থেকে ১৬ কিলোমিটার দীর্ঘ সরু চ্যানেল (কর্ণফুলী নদীর যে অংশ দিয়ে সমুদ্রগামী জাহাজ চলে) দিয়ে বন্দর জেটিতে জাহাজ আনা-নেওয়া করা হয়। এই চ্যানেলে কোনো জাহাজ ডুবে গেলে পুরো বন্দর অচল হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়।
দুর্ঘটনার পর বন্দরের টাগবোটের সাহায্যে এমভি গাজী জাহাজটি কর্ণফুলী নদীর বন্দর চ্যানেল থেকে টেনে খাদ্য বিভাগের একটি জেটিতে ভেড়ানো হয়। এমভি সামির ভেড়ানো হয় সিমেন্ট ক্লিংকার জেটিতে।
গতকাল বেলা সাড়ে ১১টায় দুর্ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, এমভি গাজীর সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। খাদ্য বিভাগের সাইলো জেটির বিভিন্ন অংশে মারাত্মক ফাটল দেখা দিয়েছে। এমনকি জেটির চারদিকে নানা অংশে বড় ফাটল দেখা গেছে। এ ছাড়া এমভি সামিরের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
খাদ্য বিভাগের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুর্ঘটনায় সরকারি এ স্থাপনার (জেটি) ক্ষয়ক্ষতি নির্ধারণ করতে একটি কমিটি গঠন করা হবে। এমভি সামিরকে বন্দরের হেফাজতে রাখার জন্য চিঠি দিয়ে জানানো হয়েছে।
এমভি সামির পানামায় নিবন্ধিত। জাহাজের মালিকানা প্রতিষ্ঠান ব্রেভ রয়েল শিপিং ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম প্রথম আলোকে বলেন, গত এপ্রিলে কেনার পর দেশে এই প্রথম পণ্য নিয়ে এসেছিল জাহাজটি। দুর্ঘটনায় জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
অপরদিকে এমভি গাজীর স্থানীয় এজেন্ট বেনকন শিপট্রান্স লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক মতিউর রহমান প্রথম আলোকে বলেন, পণ্য খালাসরত অবস্থায় এমভি গাজীর সামনের অংশে সজোরে ধাক্কা মারে এমভি সামির। এতে জাহাজটির বড় ধরনের ক্ষতি হয়েছে।