চট্টগ্রাম বন্দরের জেটিতে নোঙর করা অবস্থায় দড়ি ছিঁড়ে পণ্যবাহী একটি জাহাজ দুর্ঘটনার কবলে পড়ে। জাহাজটি জেটি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে আটকে যায়। এ ঘটনায় বন্দর চ্যানেলে নৌচলাচলে সমস্যা হয়নি বলে বন্দর কর্মকর্তারা জানান। কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, প্রাথমিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় এ দুর্ঘটনা ঘটলেও রাত সাড়ে ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত জাহাজটি সেখান থেকে উদ্ধার করা যায়নি।
চট্টগ্রাম বন্দরের উপসংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, জাহাজটি নৌবাহিনীর জেটির বিপরীতে চ্যানেলের অদূরে আটকে রয়েছে। জোয়ারে পানির উচ্চতা বাড়লে জাহাজটি আবার জেটিতে ফিরিয়ে আনা হবে।
বন্দর সূত্রে জানা গেছে, পণ্যবাহী জাহাজটির নাম এমভি পোলারিশ মেলোডি। পানামার পতাকাবাহী জাহাজটি ২৯ হাজার ৯০০ টন রড তৈরির কাঁচামাল নিয়ে গত মঙ্গলবার বহির্নোঙরে ভিড়েছিল। সেখানে কিছু পণ্য খালাস করে গতকাল বেলা তিনটায় জোয়ারের সময় জাহাজটি বন্দরের নিউমুরিং টার্মিনালের ৫ নম্বর জেটিতে ভেড়ানো হয়।
বন্দরের কর্মকর্তারা জানান, জেটিতে থাকা খুঁটির সঙ্গে দড়ি দিয়ে জাহাজটি বেঁধে রাখা হয়। ভাটায় পানি কমে যাওয়ার পর হঠাৎ জাহাজটির দড়ি ছিঁড়ে যায়। এ সময় জাহাজটি নিয়ন্ত্রণে রাখতে পারেননি ক্যাপ্টেন।