জেটিতে ভেড়েনি পণ্যবাহী জাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলী নদীর মোহনায় বালুবাহী নৌযান (বাল্কহেড) ডুবে যাওয়ায় গতকাল সোমবার দিনের বেলায় জোয়ারের সময় চট্টগ্রাম বন্দরের জেটিতে কোনো জাহাজ ভিড়তে পারেনি। দিন ও রাতের জোয়ারে বন্দরের জেটিতে জাহাজ ভেড়ানো হয়। গতকাল দিনের জোয়ারে পণ্যবাহী একটি কনটেইনার জাহাজ জেটিতে ভেড়ানোর কথা ছিল। নির্ধারিত সময়ে বন্দরজেটিতে জাহাজ ভিড়তে না পারলে আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা থাকে আমদানিকারকদের।
গতকাল সকাল আটটার দিকে বহির্নোঙর থেকে বালু বোঝাই করে বন্দর চ্যানেলের সিমেন্ট ক্লিংকার জেটি এলাকার দিকে আসার পথে নদীর মোহনায় বন্দর চ্যানেলে নৌযানটি ডুবে যায়। নৌযানটি ডুবে যেতে দেখে মোহনার কাছাকাছি সাগরে থাকা একটি লাইটার জাহাজ বিষয়টি বেতারবার্তায় বন্দরের নিয়ন্ত্রণকক্ষকে জানায়। এরপর বন্দরের কর্মকর্তারা সকাল সাড়ে আটটার দিকে দুর্ঘটনাস্থলে যান।
এর আগে গত শুক্রবার সকালে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা একটি জাহাজ বন্দর এলাকার একটি জেটিতে আছড়ে পড়ে। পরে জাহাজটি পাশের জেটিতে নোঙর করে রাখা আরেকটি জাহাজকে ধাক্কা দেয়। এতে দ্বিতীয় জাহাজটিও নিয়ন্ত্রণ হারিয়ে রশি ও নোঙর ছিঁড়ে বন্দর চ্যানেলে চলে আসে। দুর্ঘটনার পর ঝুঁকি এড়াতে তিন ঘণ্টা বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়। সেদিন দুর্ঘটনার কারণে চারটি জাহাজ জেটিতে ভেড়ানো হয়নি। একই সঙ্গে রপ্তানি পণ্যবাহী একটি কনটেইনার জাহাজ বন্দর ছেড়ে যেতে পারেনি।
বহির্নোঙর থেকে যে পথ ধরে ১৬ কিলোমিটার দূরে বন্দরজেটিতে জাহাজ আসা-যাওয়া করে, সেই পথেই (বন্দর চ্যানেল) গতকাল ডুবেছে নৌযানটি। দুর্ঘটনাস্থলের কাছাকাছি এলাকায় প্রায় চার মাস আগে কাঠের তৈরি আরেকটি নৌযানডুবির ঘটনা ঘটে। তবে জাহাজ চলাচলে সমস্যা না হওয়ায় সেটি উদ্ধার করেনি বন্দর কর্তৃপক্ষ। এখন একই এলাকায় ইস্পাতের তৈরি নৌযান ডুবে যাওয়ায় বহির্নোঙর থেকে কর্ণফুলী নদীর প্রবেশমুখের একাংশে জাহাজ চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে বন্দরের কর্মকর্তারা জানান। এ কারণে কনটেইনারবাহী এমভি কালা পেঙ্গুইন জাহাজটি গতকাল দিনের জোয়ারে ভেড়ানো হয়নি।
দুর্ঘটনাস্থল শনাক্ত করে বয়া স্থাপন করার পর রাতের জোয়ারে এমভি হানসা ক্যালিপসো নামের আরেকটি জাহাজ ভেড়ানোর কথা রয়েছে। তবে রাত সাড়ে আটটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত জাহাজ ভেড়ানোর প্রস্তুতি শুরু করা হয়নি।
ডুবে যাওয়া নৌযানটি রিমা করপোরেশনের। প্রতিষ্ঠানের কর্ণধার শাহ আলম প্রথম আলোকে জানান, বহির্নোঙর থেকে বালু বোঝাই করে ফেরার পথে হঠাৎ করেই ১০০ ফুট লম্বা এই নৌযানটি ডুবে যায়। এ সময় নৌযানে থাকা চারজন সাঁতরে তীরে উঠে রক্ষা পান। তবে কী কারণে নৌযানটি ডুবেছে, তা এখনো জানা যায়নি।
ডুবে যাওয়া নৌযানটি উদ্ধারের জন্য প্রান্তিক মেরিন সার্ভিসেস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানটিকে দায়িত্ব দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি গতকাল বিকেল থেকে উদ্ধারকাজ শুরু করেছে।