জেডিসিতে জিপিএ-৫ বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় এ বছর পাসের হার ৯৩ দশমিক ৫০ শতাংশ। গতবারের তুলনায় তা ২ দশমিক ৩৯ শতাংশ বেশি। গতকাল মঙ্গলবার এ পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
এই বোর্ডের অধীনে এবার জেডিসি পরীক্ষায় অংশ নিয়েছিল ৩ লাখ ১১ হাজার ৫৪০ জন। এর মধ্যে পাস করেছে ২ লাখ ৯১ হাজার ৩০৫ জন। জিপিএ-৫ পেয়েছে ১৯ হাজার ২৯০ জন, যা গত বছরের তুলনায় ৭৯ জন বেশি।
মাদরাসা বোর্ডে ফলাফলের দিক থেকে প্রথম স্থান অর্জন করেছে রাজধানীর উত্তরার তানযীমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা। দ্বিতীয় ঢাকার ডেমরার দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা এবং তৃতীয় হয়েছে নরসিংদী সদরের জামেয়া কাশেমিয়া কামিল মাদরাসা (মহিলা শাখা)। এরপরে রয়েছে ঝালকাঠি এন এস কামিল মাদরাসা, রংপুর সদরের ধাপ সাতগরা বাইতুল মুকাররম কামিল মাদরাসা, চট্রগ্রামের জামেয়া আহমাদিয়া সুন্নিয়া মহিলা আলিম মাদরাসা, নরসিংদী সদরের জামেয়া-ই-কাশেমিয়া কামিল মাদরাসা, ডেমরার তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা (মহিলা শাখা), গাজীপুরের টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা ও যাত্রাবাড়ীর তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা।