জেডিসির ১৪৫১টি খাতা পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সোনাতলা উপজেলা সদরের মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকদের আবাসিক কোয়ার্টারে অগ্নিকাণ্ডে জুনিয়র দাখিল পরীক্ষার (জেডিসি) বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ের এক হাজার ৪৫১টি খাতা পুড়ে গেছে।
মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মতিয়ার রহমান বলেন, গত শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে প্রায় ৩৫ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে বলে তিনি দাবি করেন।
সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ফলাফলের অপেক্ষায় থাকা জেডিসি পরীক্ষার ওই খাতা মাদ্রাসা বোর্ড থেকে নজমুল হক নামের একজন প্রধান পরীক্ষকের কাছে নিরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। নিরীক্ষা শেষে ইতিমধ্যে তিনি শিক্ষার্থীদের প্রাপ্ত ফল বোর্ডে পাঠিয়েছেন। এ জন্য খাতা পুড়ে গেলেও ২৮ ডিসেম্বর প্রকাশিতব্য পরীক্ষার ফল প্রকাশের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তবে কোনো শিক্ষার্থী তার খাতা পুনর্মূল্যায়নের জন্য আবেদন করলে সে ক্ষেত্রে মাদ্রাসা বোর্ডকে বিপাকে পড়তে হবে।’
নজমুল হক জানান, তিনি বগুড়ার শাজাহানপুর উপজেলার বিহিগ্রাম ফাজিল মাদ্রাসার গণিত বিষয়ের শিক্ষক। তাঁর স্ত্রী ফাহিমা বেগম সোনাতলা মডেল স্কুল অ্যান্ড কলেজের ধর্মীয় বিষয়ের শিক্ষক। স্ত্রীর চাকরির সুবাদে তিনি সোনাতলা মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকদের আবাসিক কোয়ার্টারে থাকতেন। শুক্রবার মধ্যরাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। একপর্যায়ে আগুন ছড়িয়ে পড়ে পাশাপাশি দুটি কোয়ার্টারে। আগুনে তাঁর ঘরের সবকিছু পুড়ে যাওয়ার পাশাপাশি মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ের এক হাজার ৪৫১টি খাতা পুড়ে যায়। সবকিছু পুড়ে যাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।