জেড-৩০০ ক্ষেত্র বিশেষে ভুল তথ্য দিতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফলে ফরমালিনের উপস্থিতি শনাক্তের পরীক্ষায় ব্যবহৃত জে-৩০০ যন্ত্রটি ক্ষেত্রবিশেষে ভুল তথ্য দিতে পারে। এটি মূলত পরিবেশ বা বাতাসে ফরমালডিহাইডের জলীয়বাষ্পের পরিমাণ নির্ণয়ে ব্যবহৃত হয়।

যন্ত্রটির নির্মাতা প্রতিষ্ঠানটির তথ্যের বরাত দিয়ে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) তৈরি একটি প্রতিবেদনে এমন মত দেওয়া হয়েছে।

খাদ্যে ফরমালিন শনাক্তের পরীক্ষায় ব্যবহৃত ওই যন্ত্রটি ত্রুটিপূর্ণ দাবি করে তা পরীক্ষার নির্দেশনা চেয়ে হাইকোর্টে করা একটি রিট আদেশের পরিপ্রেক্ষিতে বিসিএসআইআর প্রতিবেদনটি তৈরি করেছে। গতকাল মঙ্গলবার প্রতিবেদনটি রিট আবেদনকারীর আইনজীবী মনজিল মোরসেদের কাছে পৌঁছায়।

প্রতিবেদনে বলা হয়, ফলে ফরমালিনের উপস্থিতি নিশ্চিতে (পরীক্ষা) দেশে ব্যবহৃত ফরমালডিহাইড ভ্যাপর মিটার, জেড-৩০০ যন্ত্রটি ব্যবহার করে খাদ্যে বিদ্যমান ফরমালডিহাইডের পরিমাণ নির্ণয়ে যন্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান থেকে কোনো প্রায়োগিক তথ্য পাওয়া যায়নি। এনভায়রনমেন্টাল সেন্সরস কোম্পানির তৈরি এ যন্ত্রটি পরিবেশ বা বাতাসের ফরমালডিহাইড জলীয় পরিমাণ নির্ণয়ের জন্য ব্যবহৃত সংবেদনশীল যন্ত্র। তাই খাদ্যে বিদ্যমান ফরমালডিহাইডের পরিমাণ নির্ণয়ের ক্ষেত্রে কোম্পানির ‘অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ারের’ মাধ্যমে যন্ত্রটি উপযোগী করে ‘ফুড অ্যাপ্লিকেশন নোট’ সরবরাহ করা প্রয়োজন।

ফরমালিন পরীক্ষায় ব্যবহৃত ওই যন্ত্রটি ত্রুটিপূর্ণ দাবি করে তা পরীক্ষার নির্দেশনা চেয়ে বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সাধন চন্দ্র দাশ ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম গত ১৩ জুলাই রিটটি করেন। শুনানি নিয়ে ২১ জুলাই হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন।

ওই যন্ত্রের যথার্থতা পরীক্ষা করে চার সপ্তাহের মধ্যে বিসিএসআইআরের চেয়ারম্যান, বিএসটিআইয়ের মহাপরিচালক ও ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরির মহাপরিচালকের প্রতি নির্দেশ দেওয়া হয়।

আইনজীবী মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, ‘বিসিএসআইআরের পক্ষ থেকে তৈরি করা প্রতিবেদনটি পেয়েছি। প্রতিবেদনে বিভিন্ন বরাত দিয়ে বলা হয়েছে, যে কোম্পানি জেড-৩০০ যন্ত্রটি তৈরি করেছে তাদের ম্যানুয়ালেও ওটি দিয়ে ফলমূলে ফরমালিন পরীক্ষা করা যায়—এ রকম কোনো তথ্য পাওয়া যায়নি।’

প্রতিবেদনে বিসিএসআইআর বলছে, নমুনা হিসেবে বাজার থেকে আম, মাল্টা, লাল আঙুর, খেজুর ও আপেল সংগ্রহ করা হয়। সংগ্রহ করা ফলের নমুনা ৫ শতাংশ ফরমালডিহাইডের দ্রবণে ৩০ মিনিট ভিজিয়ে রেখে কক্ষ তাপমাত্রায় শুকানো হয়। পরে ফরমালডিহাইডে ভেজানো ফল ও ফ্রেশ (তাজা) ফল ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ব্যবহৃত পদ্ধতি অনুসরণ করে পলিথিন ব্যাগে ভরে কিছুক্ষণ রেখে ব্যাগের ভেতরের ফরমালডিহাইড পরীক্ষা করা হয়।