জেড-৩০০ যন্ত্র ফরমালিন পরীক্ষায় নির্ভুল ফল দেয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে ফরমালিন পরীক্ষায় ব্যবহৃত ফরমালডিহাইড ভ্যাপর মিটার, জেড-৩০০ যন্ত্র দিয়ে খাদ্য ও ফলে ফরমালিনের উপস্থিতি নির্ভুলভাবে নির্ণয় করা যায় না বলে মত দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটশন (বিএসটিআই)। বিএসটিআই বলেছে, ওই যন্ত্র খাদ্যদ্রব্য ও ফলে ফরমালিনের পরিমাণ নির্ভুলভাবে নির্ণয়ে উপযোগী নয় বলে মনে হয়।
হাইকোর্টের নির্দেশে করা বিএসটিআইয়ের প্রতিবেদনে এসব উল্লেখ করা হয়েছে। সাতটি ফল বিভিন্ন মাত্রায় পরীক্ষা করে এই প্রতিবেদনে বলা হয়েছে, বাজার থেকে সংগৃহীত আপেল, আঙুর, কলা, খেজুর, কমলা, আম ও মাল্টা ‘জেড-৩০০’ মডেলের ‘ফরমালডিহাইড মিটার’ দিয়ে পরীক্ষা করে ফরমালিনের উপস্থিতি পাওয়া যায়। একই ফলগুলো বিএসটিআই ল্যাবের নিজস্ব পদ্ধতি অনুসরণ করে পরীক্ষায় শুধু আমে ফরমালিন পাওয়া যায়।
ফরমালিন পরীক্ষায় ব্যবহৃত ওই যন্ত্র ত্রুটিপূর্ণ দাবি করে তা পরীক্ষার নির্দেশনা চেয়ে বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষে গত ১৩ জুলাই রিট করা হয়। শুনানির পর ২১ জুলাই হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন। ওই যন্ত্রের যথার্থতা পরীক্ষা করে চার সপ্তাহের মধ্যে বিসিএসআইআরের চেয়ারম্যান, বিএসটিআইয়ের মহাপরিচালক ও ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরির মহাপরিচালকের প্রতি নির্দেশ দেওয়া হয়। এর ধারাবাহিকতায় সেপ্টেম্বরে বিসিএসআইআরের প্রতিবেদন রিট আবেদনকারীর আইনজীবী মনজিল মোরসেদের কাছে পৌঁছায়। গত সোমবার বিএসটিআইয়ের প্রতিবেদন তাঁর কাছে পৌঁছায়। গতকাল মঙ্গলবার মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, দুটি প্রতিবেদন এসেছে। এখন ফরমালিন পরীক্ষায় সঠিক যন্ত্রের ব্যবহার নিশ্চিত করার জন্য আবেদন করা হবে।
বিসিএসআইআরের প্রতিবেদনে বলা হয়, ওই যন্ত্র ব্যবহার করে খাদ্যে বিদ্যমান ফরমালডিহাইডের পরিমাণ নির্ণয়ে যন্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান থেকে কোনো প্রায়োগিক তথ্য পাওয়া যায়নি। জেড-৩০০ যন্ত্র ক্ষেত্রবিশেষে ভুল তথ্য নির্দেশ করতে পারে। গবেষণা ও তথ্য থেকে প্রতীয়মান হয়, এনভায়রনমেন্টাল সেন্সরস কোম্পানির প্রস্তুত করা ফরমালডিহাইড ভ্যাপর মিটার মডেল জেড-৩০০ যন্ত্রটি পরিবেশ বা বাতাসের ফরমালডিহাইড জলীয় পরিমাণ নির্ণয়ের জন্য ব্যবহৃত সংবেদনশীল যন্ত্র। তাই খাদ্যে বিদ্যমান ফরমালডিহাইডের পরিমাণ নির্ণয়ের ক্ষেত্রে কোম্পানির ‘অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ারের’ মাধ্যমে যন্ত্রটি উপযোগী করে ‘ফুড অ্যাপ্লিকেশন নোট’ সরবরাহ করা প্রয়োজন।