জেদ এত দূরে নিয়ে এসেছে: প্রিয়তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে আয়োজিত ‘আই হ্যাভ অ্যা ড্রিম’ শীর্ষক অনুষ্ঠানে নিজের গল্প বলছেন মাকসুদা আক্তার প্রিয়তি। ছবিটি আজকের তোলা। ছবি: সৌরভ দাশ
চট্টগ্রামে আয়োজিত ‘আই হ্যাভ অ্যা ড্রিম’ শীর্ষক অনুষ্ঠানে নিজের গল্প বলছেন মাকসুদা আক্তার প্রিয়তি। ছবিটি আজকের তোলা। ছবি: সৌরভ দাশ

বাংলাদেশি বংশোদ্ভূত মডেল-অভিনেত্রী ‘মিজ আয়ারল্যান্ড’ খেতাব পাওয়া মাকসুদা আক্তার প্রিয়তি এবার স্বপ্নের কথা বললেন চট্টগ্রামবাসীর কাছে। তিনি বলেন, ‘জীবনের আসল সফলতা হলো ভালো মানুষ হওয়া। মানুষের জন্য কাজ করা। মানুষের পাশে থাকা। এগুলো সব হয়েছে আমার জেদের কারণে। আমার জেদ এত দূরে নিয়ে এসেছে।’
আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরের হোটেল আগ্রাবাদের মিলনায়তনে আয়োজিত ‘আই হ্যাভ অ্যা ড্রিম’ শীর্ষক অনুষ্ঠানে প্রিয়তি এসব কথা বলেন। রোটারি ক্লাব চিটাগং খুলশী, রোটারি ক্লাব অব চিটাগং আপটাউন ও রোটারি ক্লাব অব চিটাগং যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
প্রিয়তি নিজের সাফল্য প্রসঙ্গে বলেন, ‘আপনারা জানেন, আমি পেশায় পাইলট। বিমান নিয়ে অসীম আকাশে উড়তে উড়তে মনে হলো, আকাশ তো দেখা হলো। এবার তার ওপরে যাই না কেন? সে জন্য মিস আর্থের মতো হাইপ্রোফাইল প্রতিযোগিতায় অংশ নিই এবং আপনাদের মেয়ে আমি প্রথম রানারআপ হই। এখন মিজ আর্থ ইন্টারন্যাশনাল-২০১৬ হয়েছি। এগুলো সব হয়েছে আমার জেদের কারণে। আমার জেদ এত দূর নিয়ে এসেছে।’

চট্টগ্রামে আয়োজিত ‘আই হ্যাভ অ্যা ড্রিম’ শীর্ষক অনুষ্ঠানে মাকসুদা আক্তার প্রিয়তি। ছবিটি আজকের তোলা। ছবি: সৌরভ দাশ
চট্টগ্রামে আয়োজিত ‘আই হ্যাভ অ্যা ড্রিম’ শীর্ষক অনুষ্ঠানে মাকসুদা আক্তার প্রিয়তি। ছবিটি আজকের তোলা। ছবি: সৌরভ দাশ


প্রিয়তি আরও বলেন, ‘আমি যখন প্রথম মিজ আয়ারল্যান্ড প্রতিযোগিতায় যাই, তখন আমার স্পনসর ছিল না। নিজের টাকা নিজেকে জোগাড় করতে হয়েছে। সাধারণ মানুষের কাছে গিয়েছি, তাঁদের বলেছি সাহায্য করুন। কিন্তু তাঁরা করেননি। তবে আমি হতাশ হইনি। আশাও ছাড়িনি। আমি মিজ আয়ারল্যান্ডের মুকুট পরেছি। আমার স্বপ্ন বলেছিল, ওই মুকুট আমার। এই স্বপ্ন ঘুমিয়ে দেখা স্বপ্ন নয়। আমি তা দেখেছিলাম জেগে জেগে। তার সঙ্গে যুক্ত হয়েছে আমার চেষ্টা, শ্রম ও আমার লেগে থাকা।’
দর্শকদের উদ্দেশে মিজ আয়ারল্যান্ড বলেন, ‘আপনাদেরও বলি, জেগে স্বপ্ন দেখুন। কামড় দিয়ে পড়ে থাকুন। স্বপ্ন আপনাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। স্বপ্নের পরাজয় নেই। স্বপ্ন অমর। মানুষ অবশ্যই স্বপ্নের চেয়ে বড়। আপনাদের মধ্যে বাধা জয় করার এবং অসম্ভবকে সম্ভব করার তাড়না থাকতে হবে।’
নিজের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রসঙ্গে প্রিয়তি বলেন, ‘আমি মিজ আর্থের চেয়েও বেশি কিছু চাই। আমি যেন মাদার তেরেসার কাছাকাছি কিছু হতে পারি।’ তিনি বলেন, ‘জীবন আসলেই সুন্দর। এমন সুন্দর বসন্ত কোথায় পাবেন? একদম ঝুম বৃষ্টি পাবেন কোথায়? তাই নিরাশ হওয়ার কিছু নেই। অতৃপ্ত থাকার কোনো কারণ নেই। আপনি যা চান, জীবন তা-ই দেবে। বড় কিছু চাইলে মগজ বড় কিছুর দিকে ছুটবে। স্বপ্ন ছোট হলে স্বপ্ন সেদিকেই চালিত হবে।’
অনুষ্ঠানে নিজের জীবন প্রসঙ্গে প্রিয়তি বলেন, ‘আপনারা আমার গল্প শুনতে এসেছেন। তবে আমি সোনার চামচ মুখে নিয়ে জন্মাইনি। আমার জন্ম সাধারণ বাঙালি পরিবারে। তবে একটি ব্যতিক্রম ছিল। জীবন হেলাফেলায় নষ্ট করা যাবে না। ছুটতে হবে সামনের দিকে, আকাশের দিকে। তাই স্বপ্ন দেখেছি।’
অনুষ্ঠানের শেষ পর্বে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রিয়তি। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের অধ্যক্ষ ফজলুল করিম, স্থানীয় দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, রোটারি ক্লাব চিটাগংয়ের সভাপতি আশিক ইমরান, রোটারি ক্লাব অব খুলশীর প্রতিষ্ঠাতা সভাপতি রেজোয়ান শাহিদী ও রোটারি ক্লাবের ‘ইয়াং জেনারেশন প্রজেক্ট’-এর পরিচালক ও লেখক বাদল সৈয়দ, মডেল খালেদ হোসেন প্রমুখ।