জেদ্দা থেকে ঢাকা, পদে পদে দুর্ভোগ হাজিদের

‘ফ্লাইট ছিল ৩০ সেপ্টেম্বর দুপুর ১২টায়। ১৮ ঘণ্টা বিমানবন্দরে থাকার পর হোটেল দিছে। এরপর সেই ফ্লাইট নামছে আজ (গতকাল ২ অক্টোবর) সাড়ে তিনটায়। বিমানবন্দরের বাইরে তাঁবুতে ছিলাম। ৫০ ডিগ্রির ওপরে তাপমাত্রা। কী কষ্ট করছি, বুঝেন।’
কথাগুলো হাবিবুর রহমান নামের একজন হাজির। গতকাল শুক্রবার বেলা ৩টা ৩৩ মিনিটে বাংলাদেশ বিমানে (বিজি-২০২২) ঢাকায় ফিরেছেন তিনি। বললেন, ‘মানুষের যেন কোনো মূল্য নাই। কেউ হোটেল পাইছে, কেউ পাই নাই। আমি দেড় দিন বিমানবন্দরের বাইরের তাঁবুতে ছিলাম। খাবার নাই, পানি নাই। আর বিমানবন্দরে খাবারের দাম বেশি। সেখানে খাবার কিনে খাইছি। আজ (গতকাল) ঢাকায় এসে দেখি বাড়ি যাওয়ারও টাকা নাই।’
বাংলাদেশ বিমানে করে ঢাকায় ফেরা সব হাজির চোখে-মুখেই ছিল বিরক্তির ছাপ। কাছ থেকে মৃত্যুকে দেখার ব্যথার পর বিমানবন্দরে স্বজনদের পেয়ে হাজিরা আপ্লুত হয়ে পড়েন। আর কোনো সাংবাদিককে পেলেই বলছিলেন জেদ্দা থেকে ঢাকা পর্যন্ত দুর্ভোগের কথা। অনেক যাত্রীকে ফ্লাইট ধরতে ১৮ থেকে ৪৮ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। সৌদি পুলিশ ও বাংলাদেশ বিমানের অনেক কর্মকর্তা তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলেও অভিযোগ করেন অনেক হাজি।
আবদুল লতিফ নামের একজন হাজি জানালেন, তাঁদের ফ্লাইট ছিল ৩০ সেপ্টেম্বর বুধবার দুপুর সাড়ে ১২টায়। ফ্লাইট ধরতে তাঁরা এর দুই ঘণ্টা আগে জেদ্দা বিমানবন্দরে আসেন। ১৮ ঘণ্টা বিমানবন্দরে অপেক্ষার পরও তাঁদের ফ্লাইট দেয়নি বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ। ওই ১৮ ঘণ্টা তাঁরা তীব্র গরমের মধ্যে জেদ্দা বিমানবন্দরের বাইরে টানানো তাঁবুতে ছিলেন। পরে তাঁদের হোটেল দেওয়া হয়। তবে সেখানেও তিনজনের থাকার কক্ষে তাঁদের ১২-১৫ জনকে থাকতে হয়েছে। এরপর বৃহস্পতিবার রাত ১২টায় তাঁদের আবার বিমানবন্দরে আনা হয়। এরপরও ৬ ঘণ্টা বিলম্বে ভোর সাড়ে ছয়টায় ঢাকার উদ্দেশে তাঁদের বিমান জেদ্দা ত্যাগ করে।
গতকাল শুক্রবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১ ও টার্মিনাল-২-এর ভেতরের কনকোর্স হলের চেয়ার ও মেঝেতে অনেক হাজিকে বসে থাকতে দেখা যায়। সন্ধ্যার পর অনেক হাজি মাদুর পেতে বসে ছিলেন। সেখানে তাঁরা নিজেদের লাগেজের জন্য অপেক্ষা করছিলেন।
কনকোর্স হলে বসে থাকা মনিরুল ইসলাম নামের একজন হাজি বলেন, ‘৪৮ ঘণ্টা পর ফ্লাইট পাইছি। এখন বলতাছে তিন দিন পর লাগেজ দিব। কই যাইয়াম।’ লাগেজের মধ্যে প্রয়োজনীয় কাপড় ও সৌদি থেকে কেনা আঁতর, জায়নামাজ, তসবিহ ও মিসওয়াক রয়েছে বলে জানান তিনি। এ ছাড়া টার্মিনাল-২-এর সামনের নামাজের ঘরেও অনেক হাজিকে লাগেজের জন্য বসে থাকতে দেখা যায়।
কনকোর্স হলের সামনের কনভেয়ার বেল্টের দুই দিকে লাগেজের স্তূপ পড়ে ছিল। সেখানে দায়িত্বরত একজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য জানালেন, ‘হাজিদের বেশির ভাগই বয়স্ক। নিজেদের লাগেজই তাঁরা চিনতে পারেন না। এ কারণে লাগেজগুলো পড়ে রয়েছে। এগুলো লস্ট অ্যান্ড ফাউন্ড সেকশনে দিয়ে দেওয়া হবে। সেখান থেকে হাজিরা নিয়ে যাবেন।’
ছেলে মাহাদী ও স্ত্রী সাহেদা রহমানকে নিয়ে হজ থেকে ফিরেছেন সাবেক যুগ্ম সচিব হাবিবুর রহমান। ঢাকায় ফিরে লাগেজের হদিস পাননি তিনি। তিনজন হাতব্যাগ নিয়ে ফেরত যাচ্ছিলেন। জানতে চাইলে তিনি বলেন, ‘সৌদি সরকারের কোনো ব্যবস্থাপনা নাই। বাংলাদেশ বিমানেরও নাই। বলছে তিন দিন পর পাব।’ মাহাদী বলেন, ‘বিমানের লোকজন একেক সময় একেক কথা বলছে। আর জেদ্দা এয়ারপোর্টে পুলিশ থাকতে দেয়নি। বাবা অসুস্থ হয়ে গেছে। পুলিশ ভাষা বুঝে না। কী যে করুণ অবস্থা, না দেখলে বিশ্বাস করতে পারবেন না।’
কেমন ছিল সেখানকার পরিবেশ, জানতে চাইলে আজাদ কামাল নামের একজন হাজি বলেন, ‘জেদ্দা বিমানবন্দরের বাইরে থাকা হাজিদের মধ্যে খাবার নিয়ে কাড়াকাড়ি পর্যন্ত হইছে। কেউ খোঁজখবর নিলে এমন কী হয়।’
আহমেদ ফারুক নামের একজন হাজি বলেন, তাঁরা ১১ জন আত্মীয়স্বজন একত্রে হজে গিয়েছিলেন। কিন্তু আসতে পেরেছেন মাত্র দুজন। অন্যরা কোথায় আছে সেটা তিনি জানেন না। তিনি বলেন, ‘জেদ্দায় এত বিশৃঙ্খলা যে, কার কোন ফ্লাইট এটা কেউ মানছে না। আমার ছিলাম অন্য একটি ফ্লাইট। আমি এই ফ্লাইটে (বিজি-২০২২) চলে আসছি।’
হাজিদের সঙ্গে কথা বলার সময় দেখা মিলল হাফেজ লাল মিয়া নামের একজন মোয়াল্লিমের। তিনি প্রতিবছর মোয়াল্লিমের দায়িত্ব পালন করে থাকেন। প্রথম আলোকে বললেন, বাসা থেকে বের হয়ে বিমান ছাড়া পর্যন্ত ৪৮ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। অনেক হাজি অভিযোগ করেছেন আপনারা তাঁদের কোনো সহযোগিতা করেন না—এমন প্রশ্নের জবাবে লাল মিয়ার সরল স্বীকারোক্তি, ‘মোয়াল্লিমদের মধ্যে ৯৮ ভাগ দুই নাম্বার। এজেন্সি যে নির্দেশনা দেয়, তারা সেটা পালন করে। এবার সৌদি সরকার জেদ্দা বিমানবন্দরে কড়াকড়ি আরোপ করায় হাজিদের অনেক দুর্ভোগ পোহাতে হইছে।’
জেদ্দা বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের আঞ্চলিক ব্যবস্থাপক আবু তাহের প্রথম আলোকে বলেন, সৌদি আরবের নিরাপত্তাজনিত কারণে ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইটে হাজিরা ১২ ঘণ্টা বিলম্ব করেন। ফ্লাইটের চাপের কারণে ওই ১২ ঘণ্টা কাভারের কোনো সুযোগ পাওয়া যায়নি। এর ধারাবাহিক প্রভাব অন্য সব ফ্লাইটের ওপর পড়েছে।
ফ্লাইট বিলম্বের কথা যাত্রীরা জানেন কি না—এমন প্রশ্নের জবাবে আবু তাহের বলেন, ‘কিছু ফ্লাইট রিশিডিউল করা হয়েছে। হাজিদের এটা জানানোর কথা মোয়াল্লিমদের। কিন্তু তাঁরা না জানানোয় এ সমস্যা হয়েছে।’ দু-এক দিনের মধ্যে সমস্যা সহনীয় পর্যায়ে নামিয়ে আনা সম্ভব হবে বলে তিনি মনে করেন।
হাজিদের লাগেজ আসতে দেরি হচ্ছে কেন জানতে চাইলে বাংলাদেশ বিমানের জেদ্দা কার্যালয়ের সর্বোচ্চ এই কর্মকর্তা বলেন, ‘সিকিউরিটির কারণে অনেক হাজিকে লাগেজ ছাড়া যেতে হয়েছে। আমরা তো বিমান খালি পাঠাতে পারি না। সৌদি পুলিশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, এ সমস্যাও থাকবে না।’
গতকাল বাংলাদেশ বিমানের দুটি এবং সৌদি এয়ারলাইনসের তিনটি ফ্লাইট ঢাকায় নেমেছে।