জেদ্দায় কূটনীতিককে মারধর, দূতাবাসের প্রথম সচিবকে প্রত্যাহার
সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ হজ অফিসে এক কূটনীতিককে মারধরের ১০ দিন পর প্রত্যাহার করা হয়েছে সেখানে কর্মরত প্রথম সচিব (ভিসা) মো. জামালউদ্দিনকে। পাসপোর্ট নিতে আসা একজন বয়স্ক প্রবাসীকেও মারধরের অভিযোগ উঠেছে এই কর্মকর্তার বিরুদ্ধে।
১ জুলাই ঢাকা থেকে যাওয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সহকারী সচিবকে বিনা উসকানিতে মারধরের বিষয়টি খতিয়ে দেখতে শিগগিরই একটি তদন্ত দল জেদ্দায় যাচ্ছে।
জেদ্দায় নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মো. নাজমুল ইসলাম গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কনসুলেটের প্রথম সচিব (ভিসা) জামালউদ্দিনকে সব রকম দাপ্তরিক কাজ থেকে প্রত্যাহার করতে পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার আদেশ জারি করেছে। তাঁকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে।
প্রসঙ্গত, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) উপপরিচালক মো. জামালউদ্দিন গত ৪ মে জেদ্দায় বাংলাদেশ কনসুলেটে প্রথম সচিব হিসেবে যোগ দেন।
যা ঘটেছিল: সৌদি সরকার অবৈধ বিদেশিদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করার পর জেদ্দায় বাংলাদেশ হজ দপ্তরে ‘ট্রাভেল পারমিট/ আউটপাস’ (ভ্রমণের অনুমতিপত্র) দেওয়ার জন্য অস্থায়ী দপ্তর চালু করা হয়। ৩ জুলাই পূর্বনির্ধারিত সাধারণ ক্ষমার শেষ দিন ঘনিয়ে আসায় বাংলাদেশি আবেদনকারীর চাপ বাড়তে থাকে। তাই অস্থায়ী দপ্তরে কর্মরত জামালউদ্দিনের অনুরোধে কনসাল জেনারেল মো. নাজমুল ইসলাম কনসুলেটে কর্মরত একজন সিনিয়র সহকারী সচিব ও একজন সহকারী সচিবকে হজ অফিসে পাঠান।
ঘটনার প্রত্যক্ষদর্শীদের লিখিত বর্ণনা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো কনসাল জেনারেলের চিঠি থেকে জানা গেছে, ১ জুলাই দুপুর ১২টায় অস্থায়ী হজ দপ্তরে পৌঁছে সহকারী সচিব মোহাম্মদ জোবায়েদ হোসেনের কাছে দায়িত্ব বুঝে নিতে যান একই পদমর্যাদার তানভীর কবির। এ সময় মো. জামালউদ্দিন কর্কশ ভাষায় ও উত্তেজিতভাবে তানভীরের পরিচয় জানতে চান। তানভীর নিজের পরিচয় দিয়ে প্রথম সচিব জামালউদ্দিনের পরিচয় জানতে চান। এতে জামালউদ্দিন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কে নানা ধরনের আপত্তিকর মন্তব্য করেন। একপর্যায়ে তিনি তানভীরকে গালাগাল করেন এবং মারধর করেন। উপস্থিত এনএসআইয়ের আরও দুই সদস্য মো. মহসিনউজ্জামান ও শহীদুজ্জামানও তানভীর কবিরকে পেটান।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এরপর মহসিনউজ্জামানকে নিয়ে জামালউদ্দিন ওই কক্ষে হামলা চালানোর চেষ্টা করলে বাকি কর্মকর্তা তাঁদের নিবৃত্ত করেন।
মন্ত্রণালয় সূত্র জানায়, ওই দিনই বিনা অনুমতিতে তাঁর কক্ষে প্রবেশ করায় জামালউদ্দিন ৬০ বছর বয়সী এক প্রবাসী বাংলাদেশিকে মারধর করেছিলেন।