জেদ্দায় ওআইসির মহাসচিবের সঙ্গে খালেদার বৈঠক
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গতকাল বুধবার সৌদি আরবের জেদ্দা শহরে ইসলামি সম্মেলন সংস্থার (ওআইসি) মহাসচিব একমেলেদ্দিন ইহসানেগলুর সঙ্গে বৈঠক করেছেন। খালেদা জিয়া পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছেন।জেদ্দায় ওআইসির সদর দপ্তরে স্থানীয় সময় একটা ৫৫ মিনিটে থেকে প্রায় ৪০ মিনিটব্যাপী এ বৈঠক হয়। বৈঠকে দুই নেতা ওআইসি ও মুসলিম উম্মাহর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠকের পর চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহউদ্দিন আহমেদ জানান, খালেদা জিয়া ওআইসিতে ইহসানেগলুর নেতৃত্বের প্রশংসা করেন। বিশেষ করে তাঁর নেতৃত্বে ওআইসির মাধ্যমে মুসলিম উম্মাহর পারস্পরিক সহযোগিতা ও আস্থায় গতি সঞ্চারের প্রশংসা করেন বেগম জিয়া। ওআইসির মহাসচিব বাংলাদেশকে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে ভূমিকা রাখার জন্যও খালেদার প্রশংসা করেন। খালেদা জিয়া গতকাল সকালে বিশেষ বিমানে করে মদিনা থেকে জেদ্দা শহরে যান। গতকালই তাঁর মদিনায় ফেরার কথা। ইউএনবি।