জেদ্দায় কনস্যুলেট অফিসে বাংলাদেশি শ্রমিকদের হট্টগোল
সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট অফিসের সামনে গতকাল রোববার অবৈধ বাংলাদেশি শ্রমিকেরা হট্টগোল করেছেন। কর্তৃপক্ষ অবৈধ বাংলাদেশি অভিবাসীদের আঙুলের ছাপ না নেওয়ায় এবং দেশে ফেরার অনুমতিপত্র (ইসি) না দেওয়ায় হতাশ হয়ে তাঁরা হট্টগোল করেন।আগামী ৩ জুলাইয়ের মধ্যে অনথিভুক্ত ও অবৈধ শ্রমিকদের সৌদি আরব ছাড়ার জন্য সময় বেঁধে দিয়েছে কর্তৃপক্ষ। এ সময়ের মধ্যে সৌদি আরব ছাড়তে ব্যর্থ হলে শ্রমিকদের গ্রেপ্তার হওয়া ছাড়াও জরিমানার সম্মুখীন হতে হবে।জেদ্দায় নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল ইসলাম জানান, প্রচণ্ড গরম ও বৈরী পরিস্থিতির কারণে বাংলাদেশি শ্রমিকেরা উত্তেজিত হয়ে পড়েন। তবে আশ্বাস দেওয়ার পর পরিস্থিতি শান্ত হয়। শ্রমিকেরা কাগজপত্র তৈরির জন্য সারি বেঁধে দাঁড়ান।বদর আলম নামের এক বাংলাদেশি শ্রমিক জানান, দেশে ফিরতে ইচ্ছুক যেসব বাংলাদেশি শ্রমিকের আঙুলের ছাপ এখনো নেওয়া হয়নি, তাঁরা চরম হতাশায় ভুগছেন।নাজমুল ইসলাম জানান, কনস্যুলেটে প্রায় চার হাজার বাংলাদেশি কাগজপত্রের জন্য ভিড় করছে। ৩ জুলাই কাছে চলে আসায় তাঁরা ক্ষুব্ধ হয়ে উঠছেন। তবে তিনি এ-ও বলেন, কনস্যুলেটে যাঁদের নাম নিবন্ধন করা হয়েছে, ৩ জুলাইয়ের সময়সীমা পার হলেও তাঁদের দুশ্চািন্তগ্রস্ত হওয়ার কারণ নেই। আরব নিউজ।