জেদ্দায় বিমানের ডিসি-১০ বিকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবে বাংলাদেশ বিমানের একটি ডিসি-১০ উড়োজাহাজ আবার বিকল হয়েছে। ত্রুটির কারণে প্রায় এক ঘণ্টা আকাশে চক্কর দেওয়ার পর সৌদি আরবের স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় উড়োজাহাজটি জেদ্দা বিমানবন্দরে অবতরণ করে। বিমান সূত্র জানায়, উড়োজাহাজটির ত্রুটি সারিয়ে দেশে নিয়ে আসার জন্য গতকাল বুধবার ঢাকা থেকে প্রকৌশলীরা জেদ্দার উদ্দেশে রওনা হয়েছেন।সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ঢাকা থেকে জেদ্দাগামী বাংলাদেশ বিমানের ডিসি-১০ উড়োজাহাজটির মঙ্গলবার ভোর পাঁচটায় ছাড়ার কথা ছিল। কিন্তু সেটি সময়মতো ছাড়তে পারেনি। পরে দুপুর দেড়টায় ৩১০ জন যাত্রী নিয়ে সেটি ঢাকা ছাড়ে। উড়োজাহাজটির সৌদি আরবের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে পাঁচটায় জেদ্দায় অবতরণ করার কথা। কিন্তু অবতরণের আগে সেটির চাকা আর খুলছিল না। হাফিজুর রহমান নামের এক যাত্রী পরে টেলিফোনে প্রথম আলোকে জানান, চাকা না খোলার কারণে উড়োজাহাজটি জেদ্দার আকাশে চক্কর দিতে থাকে। বিষয়টি জানাজানির পর যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। প্রায় এক ঘণ্টা পর উড়োজাহাজটি অবতরণ করে।বিমান সূত্র জানায়, সম্প্রতি বিমানের বিভিন্ন উড়োজাহাজে এ রকম ছোটবড় ত্রুটির ঘটনা বেড়ে গেছে। এ কারণে বিমানের প্রকৌশল শাখার দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।