জেদ্দায় ভবনে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের জেদ্দায় একটি ভবনে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশি মারা গেছেন। তাঁরা হলেন আমিনুল ইসলাম ও মোহাম্মদ জাফর। দুজনের বাড়িই মানিকগঞ্জে।
গত শুক্রবার দক্ষিণ জেদ্দার আল জামেয়া জেলার একটি তিনতলা ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এই ঘটনা ঘটে।
সৌদি আরবের জেদ্দার বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (শ্রম) এমদাদুল হক গতকাল শনিবার বিকেলে প্রথম আলোকে বলেন, সেখানে ছয়জন বাংলাদেশি ছিলেন। বাকি চারজন অক্ষত আছেন। তবে ইয়েমেনের পাঁচজন দগ্ধ হয়েছেন। নিহত দুজনের মরদেহ এখন জেদ্দার কিং আবদুল আজিজ হাসপাতালের মর্গে আছে বলেও জানান তিনি।
দূতাবাস সূত্রে জানা গেছে, নিহত আমিনুল ইসলাম মানিকগঞ্জের সিঙ্গাইর থানার আবদুস সামাদের ছেলে। আর জাফর মানিকগঞ্জ সদরের শওকত আলীর ছেলে।
সৌদি আরবের স্থানীয় দৈনিক সৌদি গেজেট-এর এক প্রতিবেদনে জানানো হয়, ওই ভবনে অগ্নিকাণ্ডে আহত ব্যক্তিদের মধ্যে ইয়েমেনের পাঁচ নাগরিক ও একজন অগ্নিনির্বাপক কর্মীও রয়েছেন। ফায়ার ব্রিগেডের মুখপাত্র কর্নেল সাঈদ সারহানকে উদ্ধৃত করে পত্রিকাটি লিখেছে, তিনতলা ওই আবাসিক ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার পর অগ্নিনির্বাপক বাহিনীর আটটি ইউনিট আগুন নেভায় এবং বাসিন্দাদের উদ্ধার করে।