জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১১ বাংলাদেশি। আজ বুধবার ভোরে কিং আবদুল আজিজ সড়কের সামারা কোর্ট ও রেড সি মলের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা। জেদ্দায় কনস্যুলেট জেনারেল কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কারখানায় যাওয়ার পথে পুলিশের গাড়ির সঙ্গে একটি মিনিবাস ধাক্কা লেগে সড়কের পাশে উল্টে যায়। এই ঘটনায় নিহত ও আহত সবাই মিনিবাসের যাত্রী ছিলেন। ওই গাড়িতে ১৬ জন বাংলাদেশি নাগরিক ছিলেন। তবে গাড়িটির চালক ছিলেন ভিন্ন দেশের।

নিহত পাঁচজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন মনিরুল ইসলাম। তাঁর বাড়ি নড়াইল সদরে। অপর দিকে আহতদের মধ্যে একজন হলেন ইমাম হোসেন। তাঁকে স্থানীয় হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত অন্যরা হাসপাতালের সাধারণ ওয়ার্ডে চিকিৎসাধীন।